জাকাতের অর্থ আত্মসাতের মামলায় সাঈদীর বিচার শুরু

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) জাকাত তহবিলের অর্থ আত্মসাতের মামলায় একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীসহ ছয়জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। গতকাল সোমবার জামায়াত নেতা সাঈদীর উপস্থিতিতে ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ১ নম্বর বিশেষ জজ আদালতে মামলার অভিযোগ গঠন করেন বিচারক সৈয়দা হোসনে আরা। একই সঙ্গে আগামী ১৭ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ধার্য করে আদালত।

এ মামলার অন্য আসামিরা হলেন ইফার সাবেক পরিচালক মোহাম্মদ লুৎফুল হক, মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি অ্যাডভান্সমেন্টের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইসলামী সমাজকল্যাণ কেন্দ্রের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, ইফার মসজিদ কাউন্সিলের সহকারী পরিচালক মো. আবদুল হক ও বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুস। আসামিদের মধ্যে আবুল কালাম আজাদ ও আবদুল হক পলাতক।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোশাররফ হোসেন কাজল।

ইফার জাকাত তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে ফাউন্ডেশনের তৎকালীন পরিচালক আইয়ুব আলী চৌধুরী ২০১০ সালের ২৪ মে শেরেবাংলা নগর থানায় এ মামলা করেন। তদন্ত শেষে ২০১২ সালের ৩০ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক।