রাজধানীর কলাবাগানে বন্ধুর বাসায় ‘ধর্ষণের পর হত্যা’র শিকার ‘ও’ লেভেলের ছাত্রী আনুশকা নুর আমিনের সঙ্গে মৃত্যুর আগে ঠিক কী ঘটেছিল তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। কথিত বন্ধু ফারদিন ইফতেখার দিহানকে একমাত্র আসামি করে আনুশকার বাবা বাদী হয়ে তার মেয়েকে ধর্ষণের পর হত্যার অভিযোগে কলাবাগান থানায় মামলা করেছেন। আনুশকার পরিবারের দাবি, দিহান পরিকল্পিতভাবে ফুসলিয়ে আনুশকাকে তার বাসায় নিয়ে ধর্ষণের পর হত্যা করেছে। দিহানের তিন বন্ধুও এ ঘটনায় জড়িত। এছাড়া মরদেহের সুরতহাল প্রতিবেদনে পুলিশ আনুশকার বয়স বাড়িয়ে দিয়েছে বলেও তাদের অভিযোগ। দিহান আনুশকাকে কৌশলে বাসায় নিয়ে নেশাজাতীয় কিছু খাওয়ানোর পর নির্যাতন করেছে বলে মনে করছেন তারা। তবে অভিযুক্ত দিহান পুলিশের কাছে দাবি করেছে যে তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তারা সেদিন ফাঁকা বাসায় স্বেচ্ছায় শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। পরে দুর্ঘটনাবশত আনুশকা রক্তক্ষরণে মারা যায়। গ্রেপ্তারের পর দিহান আদালতেও এমন কথা জানিয়ে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। এ পরিস্থিতিতে আনুশকার প্রকৃত বয়স ও তার ওপর চলা ‘নির্যাতনে’ দিহান ছাড়াও তার তিন বন্ধুর কোনো সম্পৃক্ততা ছিল কি না তা নিশ্চিত হতে ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে।
এদিকে দিহানের বাসার পলাতক নিরাপত্তারক্ষী দুলাল হোসেনকে হেফাজতে নিয়েছে পুলিশ। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয় বলে জানিয়েছেন ডিএমপির রমনা বিভাগের নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) আবুল হাসান। গত বৃহস্পতিবার আনুশকার মৃত্যুর ঘটনা জানাজানি হওয়ার পর থেকে পলাতক ছিলেন দুলাল।
আনুশকার মরদেহের ময়নাতদন্তকারী চিকিৎসকরা জানিয়েছেন, তার ময়নাতদন্ত প্রতিবেদন পেতে দুই মাসেরও বেশি সময় লাগতে পারে। তবে আনুশকার মা বলেছেন, ময়নাতদন্ত প্রতিবেদন সঠিকভাবে করা হবে এমন আস্থা তারা পাচ্ছেন না। গতকাল সন্ধ্যায় তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘ময়নাতদন্ত প্রতিবেদনে আমরা আস্থা পাচ্ছি না। পুলিশের ওপরও আস্থা পাচ্ছি না। আমাদের মনের মতো করে পুলিশ সহযোগিতা করছে না। তারা সুরতহাল প্রতিবেদনে আনুশকার বয়স বেশি দেখিয়েছে। আবার ছেলের বয়স মামলায় কম দেখিয়েছে। ‘এ’ লেভেল পাস করা ছেলের বয়স কখনো ১৮ হবে না। সে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনও করেছে। তার বয়স ন্যূনতম ২১ হবে।’
তিনি আরও বলেন, ‘পুলিশ তদন্ত যদি সঠিকভাবে করে, আরও যে তিনজন জড়িত ছিল যাদের ছেড়ে দিয়েছে, তাদের যদি ফের জিজ্ঞাসাবাদ করা হয়, এ মামলায় যুক্ত করা হয়, তাহলে আমরা নতুন করে মামলা করব না।’
আনুশকার মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন পেতে কতদিন লাগবে তা জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ দেশ রূপান্তরকে বলেন, ‘ভিসেরা ও ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) রিপোর্টগুলো এলে আমরা প্রতিবেদন দিয়ে দেব। ভিসেরা রিপোর্ট আসতে সাধারণত এক থেকে দেড় মাস সময় লাগে, কোনো ক্ষেত্রে দুই মাসও লেগে যায়। আর ডিএনএ রিপোর্ট আসতে আরেকটু বেশি সময় লাগে। তবে যেহেতু এটা একটা আলোচিত মামলা, এজন্য মনে হয় বেশি সময় লাগবে না।’
আনুশকার বয়স নির্ধারণে এক্স-রে করতে না পারার বিষয়ে তিনি বলেন, ‘পুলিশ আমাদের কাছে বয়স জানতে চেয়েছে। এজন্য আমরা বয়স নির্ধারণে লাশের এক্স-রের জন্য পাঠিয়েছি, অনেক সময়ও নিয়েছি। কিন্তু তারা (পুলিশ) যখন এক্স-রে করতে পারেনি, তখন আমরা পোস্টমর্টেম করেছি।’
এক দিন অপেক্ষা করে পরদিন এক্স-রে করার পর ময়নাতদন্ত করা যেত কি না জানতে চাইলে এ চিকিৎসক বলেন, ‘তার (আনুশকা) বাবা-মা অপেক্ষা করতে চাননি।’
শারীরিক সম্পর্কের আগে আনুশকাকে কোনোভাবে ওষুধের মাধ্যমে অচেতন করা হয়েছিল কি না বা একাধিক ব্যক্তি তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছিল কি না এমন প্রশ্নের জবাবে সোহেল মাহমুদ বলেন, ‘এটা মরদেহ দেখে বোঝা সম্ভব নয়। আমরা ব্লাড ও ভিসেরা পরীক্ষার জন্য পাঠিয়েছি। তার ব্লাডে যদি কোনো টক্সিক সাবস্টেনসের উপস্থিতি পাওয়া যায় তবে বুঝতে হবে তাকে কিছু খাইয়ে অবচেতন করে নিয়েছে। অথবা তার ভিসেরাতে যদি চেতনানাশক কিছু পাওয়া যায় তবে বুঝতে হবে তাকে আগে ড্রাগ খাইয়ে অবচেতন করে এমন করেছে। এ ঘটনায় মোট কতজন অংশ নেয় তাও ডিএনএ প্রতিবেদন পেলে বলা যাবে।’
সুরতহাল প্রতিবেদনে আনুশকার বয়স বেশি লেখার অভিযোগ করেছে তার বাবা-মা। অভিযুক্ত দিহান হাসপাতালে আনুশকার বয়স সম্পর্কে যে তথ্য দিয়েছিল সেই তথ্যই সুরতহাল প্রতিবেদনে কলাবাগান থানা পুলিশের এসআই জাকির হোসেন উল্লেখ করেন বলে জানা গেছে। এ ব্যাপারে জানতে চাইলে জাকির হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষের কাছে যে বয়স লেখা ছিল (১৯ বছর), সেটিই সুরতহালে লিখেছি। নিহতের পরিবারের কেউ তখন বয়সের বিষয়ে কিছু বলেনি। তাছাড়া মামলার এজাহারে পরিবার বয়স ১৭ উল্লেখ করেছে। আর তার প্রকৃত বয়স চিকিৎসকরাও জানাবেন।’
সুরতহাল প্রস্তুতে দায়িত্বে কোনো অবহেলা করেছেন কি না জানতে চাইলে এ পুলিশ কর্মকর্তা বলেন, ‘দায়িত্বে অবহেলার প্রশ্নই আসে না। যথাযথ নিয়ম মেনেই সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি।’
ময়নাতদন্তের আগে বয়স নির্ধারণে এক্স-রে করতে না পারার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করেছিলাম। কিন্তু শুক্রবার হওয়ায় সেটা সম্ভব হয়নি। লাশ রেখে দিয়ে পরেরদিন এক্স-রে করার পর ময়নাতদন্ত করলে অনেক আলামত নষ্ট হয়ে যেত। তাছাড়া নিহতের পরিবার দ্রুত ময়নাতদন্ত শেষ করতে চাচ্ছিল।’
তবে ময়নাতদন্তকারী চিকিৎসক সোহেল মাহমুদ বলছেন ভিন্ন কথা। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘আলামত নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। কারণ আমরা মরদেহ ফ্রিজে রেখে দিতাম। তবে এখনো আমরা তার বডির কন্সট্রাকশন, দাঁত ও সার্টিফিকেট দেখে বয়স নির্ধারণ করতে পারব। এক্স-রে করলে বয়স নির্ধারণের একটি অ্যাভিডেন্স পেতাম। এখন সবকিছু দেখে ক্যালকুলেট করে একটি বয়স বলতে পারব। ময়নাতদন্তের মূল রিপোর্ট দেওয়ার সময় আমরা বয়স লেখব। এজন্য ক্যালকুলেটিভ যে পয়েন্ট আছে তা আমরা নোট আউট করে রেখেছি।’
দিহানের বাসার পলাতক নিরাপত্তারক্ষী পুলিশ হেফাজতে : ফারদিন ইফতেখার দিহানের বাসার পলাতক নিরাপত্তারক্ষী দুলাল হোসেনকে হেফাজতে নিয়েছে পুলিশ। গতকাল দুপুর ১২টার দিকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয় বলে জানিয়েছেন ডিএমপির রমনা বিভাগের নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) আবুল হাসান।
তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘নিরাপত্তারক্ষী দুলালের ওপর আমাদের নজরদারি ছিল। তার গতিবিধি আমরা পর্যবেক্ষণ করছিলাম। আজ (সোমবার) দুপুর ১২টার দিকে মিরপুর রোডের ডলফিন গলির সামনে থেকে তাকে ডেকে এনেছি।’
কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) এএসএম আসাদুজ্জামান গতকাল রাত ৮টায় দেশ রূপান্তরকে বলেন, ‘নিরাপত্তারক্ষী দুলালকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি ঘটনার পর ওই বাসা থেকে আনুশকাকে নামাতে এবং গাড়িতে তুলতে সহায়তা করেছে দুলাল। এ বিষয়গুলো মাথায় রেখে জিজ্ঞাসাবাদ করা হবে।’
দিহানের বাসার আরেক নিরাপত্তারক্ষী মোতালেব দেশ রূপান্তরকে জানান, ঘটনার পর থেকে পলাতক দুলাল রবিবার সন্ধ্যায় হঠাৎ বাসায় আসে। রাতে বাসাতেই ছিল। পরে সোমবার দুপুর ১২টার দিকে পুলিশ তুলে নিয়ে যায়।
এদিকে আদালতের আদেশে দুয়েক দিনের মধ্যেই দিহানের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন ডিএমপি রমনা বিভাগের উপকমিশনার সাজ্জাদুর রহমান। তিনি বলেন, ‘আমরা আদালতের আদেশ পেয়েছি। যারা নমুনা সংগ্রহ করবে তাদের অনুমতি পেলেই আজ কিংবা আগামীকাল এ দুদিনের মধ্যে দিহানের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। সেটা আজও হতে পারে, কালও হতে পারে।’
ডিএনএ নমুনা কোথায় সংগ্রহ করা হবে এমন প্রশ্নের জবাবে সাজ্জাদুর রহমান বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডিএনএ নমুনা সংগ্রহের ব্যবস্থা রয়েছে। তবে সিআইডির ফরেনসিক বিভাগে ডিএনএ নমুনা সংগ্রহ করার সম্ভাবনা বেশি।’
গত বৃহস্পতিবার আনুশকাকে অচেতন অবস্থায় ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে যান তার কথিত বন্ধু ইফতেখার ফারদিন দিহান। তবে তার আগেই মেয়েটির মৃত্যু হয়। পরদিন মরদেহের ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ বলেন, ‘তার (আনুশকা) শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া না গেলেও যৌনাঙ্গ ও পায়ুপথে ক্ষত চিহ্ন পাওয়া গেছে। বিকৃত যৌনাচারের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।’ ১৭ বছরের মেয়েটিকে ‘ধর্ষণের পর হত্যার’ অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দিহান এরই মধ্যে আদালতে ‘দোষ স্বীকার’ করে জবানবন্দি দিয়েছে। জিজ্ঞাসাবাদে দিহানের দেওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার সাজ্জাদুর রহমান বলেছিলেন, ‘দুজনের সম্মতিতে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়।’
তবে আনুশকার বাবা মামলায় অভিযোগ করেছেন, তার মেয়েকে কলাবাগান ডলফিন গলির বাসায় ডেকে নিয়ে ‘ধর্ষণ করে’ দিহান। প্রচুর রক্তক্ষরণের কারণে অচেতন হয়ে পড়লে বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার জন্য আসামি নিজেই তাকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে যায়। গ্রেপ্তার দিহান বর্তমানে কারাগারে রয়েছে।