করোনাভাইরাস রোধ

‘নাজাল স্প্রে’ উদ্ভাবনের দাবি বাংলাদেশির

করোনাভাইরাস ধ্বংসে সক্ষম একটি ‘নাজাল স্প্রে’ উদ্ভাবনের দাবি করেছে বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস (বিআরআইসিএম)। প্রতিষ্ঠানটি বলছে, বিশ্বে এটাই প্রথম এ ধরনের স্প্রে। নাম রাখা হয়েছে ‘বঙ্গসেফ ওরো-নাজাল স্প্রে’।

সীমিত পরিসরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ২০০ করোনা রোগীর ওপর স্প্রের ‘ক্লিনিক্যাল ট্রায়াল’ চালানো হয়, যাতে কার্যকারিতা প্রমাণিত হয়েছে। এখন আরও বড় পরিসরে ট্রায়ালের প্রস্তুতি নিচ্ছে বিআরআইসিএম।

গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এসব তথ্য জানায় বিআরআইসিএম। তাদের দাবি, হ্যান্ড স্যানিটাইজার বা সাবান-পানি দিয়ে হাত ধুলে হাত করোনাভাইরাসমুক্ত হয়। কিন্তু এখন পর্যন্ত এই ভাইরাস ধ্বংস করতে নাকের ভেতর বা মুখগহ্বরে ব্যবহারের মতো কোনো ওষুধ আসেনি।

বৈঠক শেষে কমিটির সদস্য হাবিবে মিল্লাত বলেন, ‘কমিটি আরও বিস্তৃত পরিসরে ক্লিনিক্যাল ট্রায়াল এবং বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলসহ সংশ্লিষ্ট দপ্তর থেকে নাজাল স্প্রের অনুমোদন নেওয়ার জন্য পরামর্শ দিয়েছে।’

বিআরআইসিএমের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মালা খান বলেন, ‘সীমিত পরিসরে আমরা ২০০ জনের ওপর ক্লিনিক্যাল ট্রায়াল চালিয়েছি। এতে ৮০ শতাংশের বেশি কার্যকারিতা পাওয়া গেছে। আরও বেশিসংখ্যক মানুষের ওপর পরীক্ষার জন্য বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে আবেদন করা হবে। একই সঙ্গে পেটেন্টের জন্য শিল্প মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।’

কমিটির সভাপতি আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ইকবালুর রহিম, হাবিবে মিল্লাত, শফিকুল আজম খান, নিজাম উদ্দিন হাজারী, মোজাফফর হোসেন, শিরীন আহমেদ, সেলিমা আহমাদ প্রমুখ অংশ নেন।