জয়পুরহাটে গোপন বৈঠকের সময় জেলা বিএনপি’র আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কসহ ২৩ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়ে বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে জয়পুরহাট সরকারি কলেজ (জসক) ছাত্রদল শাখার আহ্বায়কসহ ৫ জন ও বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের বাটার মোড় এলাকায় জেলা বিএনপি আহ্বায়কের পুরাতন বাড়ির অফিস থেকে ১৮ জন, মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ একেএম আলমগীর জাহান জানান, গোপন বৈঠকে পুলিশের উপরে হামলা ও নাশকতা করার পরিকল্পনার সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামছুল আলম, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব, সদস্য আমিনুর ইসলাম বকুল, আনিছুর তালুকদার, মওদুদ, সোহেল তালুকদার, তাজউদ্দিন তালুকদারসহ ১৮ জন বিএনপি’র নেতাকর্মী এবং মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে জসক ছাত্রদল শাখার আহ্বায়ক রেজাউল করিম রেজাসহ ৫জন মোট ২৩ জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার পর তাদের আদালতে পাঠানো হয়েছে।
এদিকে বিএনপি সূত্র ও জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান বলেন, আসছে কালাই পৌরসভা নির্বাচনে পৌর ও উপজেলা বিএনপি’র মতবিনিময় ও প্রার্থী নির্বাচনের ব্যাপারে আলোচনার জন্য জেলা বিএনপি’র আহ্বায়কের বাড়িতে আলোচনার সময় পুলিশ আকস্মিকভাবে অভিযান চালিয়ে আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করে। তাদের নিঃশর্ত মুক্তি ও তীব্র নিন্দা জানাচ্ছি।