দেশের বস্ত্র ও পাট খাতের ব্যবসা-বাণিজ্যে তুরস্ক আরও বেশি বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। গতকাল বুধবার সচিবালয়ের নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা জানান তিনি।
গোলাম দস্তগীর গাজী বলেন, বাংলাদেশে বিশ্বের সেরা মানের পাট উৎপাদন হয়। এ পাট থেকে এখন উচ্চমানের বহুমুখী পাটপণ্য উৎপাদন হচ্ছে। উৎপাদিত এসব বহুমুখী পাটপণ্য রপ্তানি করা হয়। আর রপ্তানি করা দেশের তালিকায় অন্যতম স্থানে রয়েছে তুরস্ক। মন্ত্রী বলেন, বাংলাদেশ ভবিষ্যতে আরও বেশি বহুমুখী পাটপণ্য তুরস্কে রপ্তানি করতে চায়। বস্ত্র ও পাট খাতে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে সে দেশটি আরও বেশি বিনিয়োগ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় মুস্তফা ওসমান তুরান বলেন, বাংলাদেশ তুরস্কের অন্যতম বন্ধুপ্রতীম দেশ। আর সেজন্যই তারা বাংলাদেশের বস্ত্র ও পাট খাতে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে অধিক বিনিয়োগে আগ্রহী।