জনগণ সংগ্রাম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেই : ফখরুল

নোয়াখালীর আদালতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে গতকাল বুধবার জয়পুরহাটে বিক্ষোভ সমাবেশ করতে দেয়নি পুলিশ। দলটির পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে, সমাবেশের প্রস্তুতি নেওয়ার সময় পুলিশ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মো. শামছুল হকের বাসভবন সংলগ্ন কার্যালয় ঘেরাও করে জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়কসহ ২৩ জনকে আটক করেছে। তবে পুলিশ বলেছে, নাশকতার পরিকল্পনা করছেন, এমন গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে ১৮ নেতাকর্মীকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার রাতে জয়পুরহাট সরকারি কলেজ (জসক) শাখা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম রেজাসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত এক সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশের মানুষ সংগ্রামী। তাই মিথ্যা মামলা দিয়ে, খুন-গুম করে গণতান্ত্রিক আন্দোলন দমন করা যাবে না। তারা সংগ্রাম করে দেশে ফের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে।’

আমাদের জয়পুরহাট প্রতিনিধি জানিয়েছেন, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে শহরের বাটার মোড় এলাকায় জেলা বিএনপি আহ্বায়ক মো. শামছুল হকের পুরাতন বাড়ির অফিস থেকে তাকেসহ ১৮ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে জয়পুরহাট সরকারি কলেজ (জসক) শাখা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম রেজাসহ পাঁচজনকে আটক করে পুলিশ। সব মিলিয়ে ২৩ জনকে গ্রেপ্তার করে প্রথমে থানায় নিয়ে আসা হয়। এরপর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ একেএম আলমগীর জাহান সাংবাদিকদের জানান, গোপন বৈঠকে পুলিশের ওপরে হামলা ও নাশকতা করার পরিকল্পনার সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামছুল আলম, যুগ্ম আহ্বায়ক আবদুল ওহাব, সদস্য আমিনুর ইসলাম বকুল, আনিছুর তালুকদার, মওদুদ, সোহেল তালুকদার, তাজউদ্দিন তালুকদারসহ ১৮ বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় সেখান থেকে লাঠিসোঁটাসহ বেশকিছু দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করে।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান সাংবাদিকদের বলেছেন, ‘আসছে কালাই পৌরসভা নির্বাচনে পৌর ও উপজেলা বিএনপির মতবিনিময় ও প্রার্থী নির্বাচনের ব্যাপারে আলোচনার জন্য জেলা বিএনপির আহ্বায়কের বাড়িতে আলোচনার সময় পুলিশ হঠাৎ অভিযান চালিয়ে আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করে। নাশকতার পরিকল্পনা বা কোনো অস্ত্রশস্ত্রের ঘটনা সঠিক নয় বলেও দাবি করেন তিনি।

সমাবেশের প্রস্তুতি নেওয়ার সময় নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেছেন, ‘বর্তমান অবৈধ সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে বলেই তারা বিএনপির যেকোনো কর্মসূচিতেই আতঙ্কিত বোধ করছে। সেজন্য সরকার আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ভর করেছে। সরকার এখন আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে। ক্ষমতার দাপটে বিএনপিকে ঠেকাতে এবং বিএনপির কর্মসূচি বানচাল করতে কর্মসূচি শুরুর প্রাক্কালে নেতাকর্মীদের পাইকারি হারে গ্রেপ্তার করা হচ্ছে।’

দেশের মানুষ সংগ্রামী, সংগ্রাম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেই : প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশে মির্জা ফখরুল বলেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার আপসহীন নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ভয় পায়। এজন্য সময়ে সময়ে মিথ্যা মামলা দেয়। মিথ্যা মামলা দিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমন করা যাবে না। কারণ গণতন্ত্রকে ধ্বংস করতে এই অবৈধ ও লুটপাটের সরকার গত ১২ বছর ধরে বিরোধীদের ওপর স্টিম রোলার চালাচ্ছে। ৩৫ হাজার মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এরপরও দেশের মানুষ আন্দোলন করে যাচ্ছে। বাংলাদেশের মানুষ সংগ্রামী। তারা সংগ্রাম করে দেশে ফের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবেই।’

বিএনপি মহাসচিব বলেন, ‘এ দেশে আইনের শাসন নেই। কভিড-১৯ পরিস্থিতিতেও রাষ্ট্রের টাকা মেরেছে। এ সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সুপরিকল্পিতভাবে সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। আমি সরকারকে বলব, তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা তুলে দিন। সময় এসেছে অন্যায়ের প্রতিবাদ করার। গণতান্ত্রিক আন্দোলনে লড়াই করার। তাই জনগণকে আহ্বান জানাচ্ছি, আসুন এ স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ে শামিল হোন। প্রতিবাদ করুন। তাহলে একদিন জনগণের শাসন প্রতিষ্ঠা পাবে।’

টিকা কিনে লুটপাটের উৎসবের প্রস্তুতি : ওই সমাবেশে মির্জা ফখরুল বলেছেন, ‘দেশে ডাকাতির রাজত্ব প্রতিষ্ঠা করা হয়েছে। যার সবশেষ নজির অতিরিক্ত দাম দিয়ে করোনার টিকা আমদানি। এ আমদানির মধ্য দিয়ে লুটপাটের আরেক উৎসব চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে ভারত সরকার প্রতি ডোজ করোনার টিকা কিনছে ২০০ রুপি বা ২ দশমিক ৭২ ডলার দরে। বাংলাদেশি মুদ্রায় এটি ২৩১ টাকার মতো। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, সেরামের টিকা কোভিশিল্ডের প্রতি ডোজ কিনতে বাংলাদেশকে খরচ করতে হচ্ছে ৪ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় এর দাম পড়ে প্রায় ৩৪০ টাকা (১ ডলার= ৮৪.৯৬ টাকা)। এ হিসাবে বাংলাদেশকে টিকার প্রতি ডোজ কিনতে ভারতের চেয়ে প্রায় ৪৭ শতাংশ বেশি ব্যয় করতে হচ্ছে।’

সমাবেশে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘শেখ হাসিনার আমলে সত্য থাকতে পারে না। সত্য গেছে কবরে। মিথ্যার চাষাবাদ হচ্ছে। তারা বিএনপিদলীয় নেতাকর্মীদের খুন করছে, গুম করছে, মামলা দিচ্ছে। গত ১২ বছর ধরে সরকার গুম, খুন, মামলা করেছে তারপরও বিএনপি নেতাকর্মীরা পিঁপড়ার মতো গর্ত থেকে কাতারে কাতারে বের হয়ে আসছে।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।