অভিশংসন ভোটের জন্য প্রস্তুত ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে সাম্প্রতিক হামলার ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসিত করার বিষয়ে ভোটের জন্য প্রস্তুত কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটদলীয় সদস্যরা। অন্তত পাঁচজন রিপাবলিকান সদস্য অভিশংসন উদ্যোগের পক্ষে ভোট দেবেন বলে জানিয়েছে এএফপি।

ট্রাম্পের মেয়াদের আট দিন বাকি থাকার মধ্যেই এই রিপাবলিকানের বিরুদ্ধে তার অনুসারীদের উদ্দেশে দেওয়া ভাষণে বিদ্রোহ প্ররোচিত করার অভিযোগ এনে গতকাল বুধবার প্রতিনিধি পরিষদে অভিশংসনের একটি অনুচ্ছেদের ওপর ভোটাভুটি হওয়ার কথা। গত সপ্তাহে ট্রাম্পের ওই ভাষণের পর তার কট্টর সমর্থকরা ক্যাপিটল ভবনে হামলা চালালে দাঙ্গায় পাঁচজনের মৃত্যু হয়।

প্রতিনিধি পরিষদ অভিশংসনের পক্ষে ভোট দিলে এখন পর্যন্ত রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা উচ্চকক্ষ সিনেটে প্রেসিডেন্টকে অভিশংসিত করার বিষয়ে শুনানি শুরু হবে। তবে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর মতো পর্যাপ্ত সময় ও রাজনৈতিক আকাক্সক্ষা এখনো আছে কি না, তা পরিষ্কার নয়।

অভিশংসন ভোটের দিকে অগ্রসর হওয়ার আগে গত সোমবার প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা ভাইস প্রেসিডেন্ট পেন্সকে সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগ করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর প্রস্তাব তুলেছিল, কিন্তু মঙ্গলবার সন্ধ্যায় পেন্স তা প্রত্যাখ্যান করেন।

প্রতিনিধি পরিষদের স্পিকার ডেমোক্র্যাট ন্যান্সি পেলোসিকে পাঠানো এক চিঠিতে পেন্স বলেন, ‘এ ধরনের পদক্ষেপ আমাদের জাতির স্বার্থ সবচেয়ে ভালোভাবে রক্ষা করবে বা এটি আমাদের সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে বলে আমি মনে করি না।’ তবে এই চিঠি সত্ত্বেও প্রতিনিধি পরিষদে তোলা ওই প্রস্তাব পাস হয় আর পেন্সকে আনুষ্ঠানিকভাবে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। চূড়ান্ত ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ২২৩ ও বিপক্ষে ২০৫ ভোট পড়ে।