সন্ত্রাসীদের রাজনৈতিক পরিচয় নেই : রেজাউল

সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না বলে মন্তব্য করেছেন আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, সন্ত্রাসী মানে সমাজের শত্রু, দেশের শত্রু। যথাযথ আইনের আওতায় এনে বাবুলের খুনিদের শাস্তি নিশ্চিত করা হবে। 

গতকাল বুধবার বিকেলে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের গোলাগুলিতে নিহত আওয়ামী লীগের কর্মী মো. আজগর আলী বাবুলের নামাজে জানাজায় গিয়ে এসব কথা বলেন তিনি। নগরীর সরকারি কমার্স কলেজ গেটের সামনে এই জানাজায় গিয়ে রেজাউল করিম নিহত বাবুলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং নিহতের স্বজনদের সমবেদনা জানান। এ সময় রেজাউল করিমের সঙ্গে ছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মো. ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর, নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু প্রমুখ।

জানাজার পরে বিকেলে নগরীর বহদ্দারহাট, বলিরহাট, ঘাসিয়াপাড়া, খাজা রোড, নাসিরাবাদ এলাকায় গণসংযোগ ও পথসভায় যোগ দেন চসিক নির্বাচনে মেয়রপ্রার্থী রেজাউল করিম চৌধুরী।

রেজাউল করিম বলেন, আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের সেবার দায়িত্ব নিতে চাই। চট্টগ্রাম মহানগরীতে বসবাসকারী আমরা সবাই একটি পরিবার। সিটি করপোরেশন এই পরিবারের সেবামূলক কাজ করে। আমি চট্টগ্রামের সন্তান হিসেবে সুখে-দুঃখে সবার সঙ্গে ছিলাম, আছি এবং থাকব। চট্টল পরিবারে সদস্য হিসেবে মেয়র নির্বাচিত হলে চট্টল পরিবারের উন্নয়নে নিজেকে উজাড় করে দিতে চাই।

রেজাউল করিম চৌধুরী আরও বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও শেখ হাসিনার কর্মী। আমি মানুষ ভালোবাসি, মানুষের কাছে থাকি। যে কোনো সুবিধা অসুবিধা নিয়ে মানুষ যে কোনো সময় আমার কাছে আসতে পারেন, কথা বলতে পারেন। আমি মানুষের কাছে যাই, মানুষ আমার কাছে আসে। মেয়র নির্বাচিত হলে সিটি করপোরেশনের দুয়ার সব মানুষের জন্য উন্মুক্ত থাকবে। আধুনিক প্রযুক্তি ও হটলাইন সেবার মাধ্যমে সর্বোচ্চ নাগরিক সেবা নিশ্চিত করতে দিনরাত ২৪ ঘণ্টা মানুষের সঙ্গে সংযুক্ত থাকবে করপোরেশন।

প্রচার ও গণসংযোগকালে রেজাউল করিমের সঙ্গে ছিলেন ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল শুক্কুর, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম, কাউন্সিলর প্রার্থী আশরাফুল আলম, লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবুল হাসনাত বেলাল, রফিকুল হায়দার রফি, খলিলুর রহমান নাহিদ, খায়রুল আলম কক্সি প্রমুখ।