ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় লিয়াকত ইসলাম ওরফে বল্টু (৪৭) নামে আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। নির্বাচনী প্রচার চালানোর সময় গতকাল বুধবার রাতে শৈলকুপা শহরের কবিরপুর এলাকায় তাকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।
নিহত লিয়াকত শৈলকুপা পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী (ডালিম প্রতীক) ও বর্তমান কাউন্সিলর শওকত আলীর ভাই এবং স্থানীয় উমেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন। তিনি শৈলকুপার ষষ্টিবার গ্রামের প্রয়াত মসলেম আলী মেম্বারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৮টার দিকে কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর শওকত আলীর পক্ষে নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন তার ভাই উমেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিয়াকত ইসলাম ওরফে বল্টু। কবিরপুর মন্দিরের সামনে গেলে প্রতিপক্ষ এক প্রার্থীর লোকজন তার ওপর হামলা চালায়। তারা লিয়াকতকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় আরও একজন আহত হন। আশপাশের লোকজন লিয়াকতকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রওনা হয়। কিন্তু পথেই তার মৃত্যু হয়।
নিহত লিয়াকতের ভাই কাউন্সিলর প্রার্থী শওকত আলীর অভিযোগ, তার ভাইকে পাঞ্জাবি প্রতীকের কাউন্সিলর প্রার্থী আলমগীর খান বাবুর সমর্থকরা কুপিয়ে হত্যা করেছে। তবে মোবাইল ফোন বন্ধ থাকায় এ ব্যাপারে আলমগীর খানের বক্তব্য পাওয়া যায়নি।
শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, লিয়াকতের ওপর হামলার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।