সুনামগঞ্জে জলমহাল নিয়ে সংঘর্ষে জেলে নিহত

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের তেরহাল গ্রামে ধামাইল জলমহাল নিয়ে দুই মৎস্যজীবী সমিতির মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩০ জন। নিহতের নাম জইনউদ্দিন (৬০)। তিনি তেরহাল গ্রামের আদর্শ মৎস্যজীবী সমিতির সদস্য। ঘটনার পর পুলিশ ছয়জনকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ধামাইল বিলের মালিকানা নিয়ে স্থানীয় দুই মৎস্যজীবী সমিতির মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল সকালে বিলের দখল নিয়ে তেরহাল মৎস্যজীবী সমিতির আবদুস সালামের পক্ষ ও তেরহাল আদর্শ মৎস্যজীবী সমিতির শহীদ-মোশাহিদ পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে তা চলে ঘণ্টাব্যাপী। সংঘর্ষে দুপক্ষের প্রায় ৩০ জন আহত হন। গুরুতর অবস্থায় জইনউদ্দিনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।