করোনার উৎস অনুসন্ধানে উহানে ডব্লিউএইচও দল

করোনার উৎস অনুসন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞ দল চীনের উহানে পৌঁছেছে। গতকাল বৃহস্পতিবার ডব্লিউএইচওর ১০ সদস্যের শক্তিশালী বিশেষজ্ঞ দলটি উহানে পৌঁছায়। ডব্লিউএইচওর এই অনুসন্ধানী মিশনের নেতৃত্ব দিচ্ছেন পিটার বেন এমবারেক।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। পরে তা মহামারী আকারে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। করোনায় এখন পর্যন্ত বিশ্বের ৯ কোটি ২৭ লাখের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মারা গেছেন প্রায় ১৯ লাখ ৮৬ হাজার মানুষ। উৎপত্তির পর এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত করোনার উৎস সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে রয়েছে ধোঁয়াশা। করোনার উৎস অনুসন্ধানে একটি আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলকে চীনের উহানে পাঠাতে বেশ কয়েক মাস ধরে চেষ্টা চালিয়ে আসছিল ডব্লিউএইচও। গত মাসে ডব্লিউএইচও ঘোষণা দেয়, বিভিন্ন দেশের ১০ জন বিজ্ঞানীর সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক তদন্ত দল ২০২১ সালের জানুয়ারিতে উহান যাবে। তবে চীন অনুমতি না দেওয়ায় চলতি মাসের শুরুর দিকে নির্ধারিত সময়ে চীনে যেতে পারেনি তদন্ত দল। এতে তদন্তের বিষয়ে চীনের আগ্রহ নিয়ে সন্দেহ দেখা দেয়। এ ঘটনায় হতাশা প্রকাশ করে ডব্লিউএইচও। তদন্ত দলকে যথাসময়ে অনুমতি দেওয়ার ক্ষেত্রে একটা ‘ভুল-বোঝাবুঝি’ হয়েছে। অবশেষে গতকাল ডব্লিউএইচওর তদন্ত দল উহানে গেল।

ডব্লিউএইচওর অনুসন্ধানী মিশনের নেতা পিটার বেন এমবারেক জানিয়েছেন, বিশেষজ্ঞ দলটি উহানে যাওয়ার পর চীনের নিয়ম অনুসারে দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকবে। এ সময় তারা একটি হোটেলে অবস্থান করবে।

পিটার বেন এমবারেক বলেন, ‘দুই সপ্তাহ পর আমরা বাইরে যেতে পারব। সশরীরে চীনা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারব। আমরা যেসব জায়গায় যেতে চাইব, সেখানে যেতে পারব।’

তবে পিটার বেন এমবারেক সতর্ক করে বলেন, ঠিক কী ঘটেছিল, সে সম্পর্কে তাদের পূর্ণ ধারণা পেতে দীর্ঘ সময় লেগে যেতে পারে। তিনি বলেন, ‘আমি মনে করি না যে এই প্রাথমিক মিশনের পরই আমরা সুস্পষ্ট উত্তর পাব। তবে আমরা কাজ চালিয়ে যাব।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কাজে নিয়োজিত বিশেষজ্ঞ মাইক রায়ান বলেন, করোনাভাইরাস কীভাবে ছড়িয়েছে তা জানতে সব জায়গায় যেতে প্রস্তুত তার দল। সারা বিশ্বে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার তথ্য গোপন করছে চীন যুক্তরাষ্ট্রের এমন অভিযোগের ভিত্তিতে ভাইরাসটির উৎস তদন্ত করতে চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।