যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে সহিংসতায় উসকানির অভিযোগে প্রতিনিধি পরষিদে অভিশংসিত হওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশনের সঙ্গে সব ব্যবসায়িক চুক্তি বাতিল করছে নিউ ইয়র্ক সিটি। গত বুধবার সেখানকার মেয়র বিল ডি ব্লাসিও এই চুক্তি বাতিলের ঘোষণা দেন।
মেয়র বিল ডি ব্লাসিও সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে বিদ্রোহে উসকানি দেওয়া স্পষ্টতই ফৌজদারি অপরাধ। তাই ট্রাম্প অর্গানাইজেশনের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই নিউ ইয়র্ক সিটির।
বিবিসি জানাচ্ছে, নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্ক ক্যারোসেল পরিচালনার চুক্তি পেয়েছিল ট্রাম্প অর্গানাইজেশন। সেন্ট্রাল পার্কে দুটি আইস-স্কেটিং রিঙ্কস এবং ব্রোঙ্কসে ফেরি পয়েন্ট গলফ কোর্সের চুক্তি পেয়েছিল তারা। এসব চুক্তির বার্ষিক অর্থমূল্য ১ কোটি ৭০ লাখ ডলার। কিন্তু এসব সম্পর্ক এখন ছিন্ন করেছেন সিটি মেয়র।
মেয়রের প্রধান আইনজীবী জেমস ই জনসন বিবিসিকে বলেন, প্রেসিডেন্ট সহিংসতায় উসকানি দিয়েছেন। এটা পরিষ্কার ঘৃণ্য একটি অপরাধ। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, নিউ ইয়র্কারদের জন্য এসব চুক্তি বাতিল করা হবে তাদের উত্তম স্বার্থরক্ষার জন্য। একই সঙ্গে ট্রাম্প অর্গানাইজেশনের সঙ্গে সব রকম ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করছে সিটি।
গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে যখন প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত অনুমোদন নিয়ে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সভাপতিত্বে অধিবেশন চলছিল, তখন সেখানে ট্রাম্পের উসকানিতে ভয়াবহ দাঙ্গা শুরু করে তার সমর্থকরা। এরপর থেকে চাপে রয়েছেন ট্রাম্প। প্রতিনিধি পরিষদ ইতিমধ্যে অভিশংসিত করেছে তাকে। তবে ট্রাম্প উসকানি দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। বলেছেন, তিনি ‘উইচ-হান্টের’ শিকার।
সিটি কর্র্তৃপক্ষের চুক্তি বাতিল প্রসঙ্গে এবিসিতে প্রচারিত একটি বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প। তিনি বলেছেন, এটা হলো মেয়র ডি ব্লাসিওর আরেকটি অযোগ্যতার উদাহরণ। তিনি প্রকৃত সত্যকে অবজ্ঞা করছেন। তার ভাষায়, নিউ ইয়র্ক সিটির কোনো আইনগত অধিকার নেই আমাদের সঙ্গে চুক্তি বাতিল করার। যদি তারা এটা করতে চায় তাহলে ট্রাম্প অর্গানাইজেশনের কাছে তারা ৩ কোটি ডলারের বেশি ঋণী হবে। তারা যা করছে তা রাজনৈতিক বৈষম্য ছাড়া কিছু নয়। আমরাও লড়াই চালিয়ে যাব।