সেশন ফি পরিশোধ না করায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের সৈয়দপুর মডেল উচ্চবিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীকে ১৫ দিনেও নতুন বছরের কোনো পাঠ্যবই দেওয়া হয়নি। এতে ওই সব শিক্ষার্থীর লেখাপড়া চরমভাবে ব্যাহত হচ্ছে বলে অভিভাবকরা জানিয়েছেন।
এ বিষয়ে অভিভাবকরা জানান, জালালপুর ইউনিয়নের বেশ কিছু গ্রামের অধিকাংশ বাড়িঘর অসময়ে যমুনা নদীর ব্যাপক ভাঙনের তা-বে হারিয়ে মানুষ দিশেহারা। এসব ক্ষতিগ্রস্ত মানুষ চরম আর্থিক সংকটে পড়ে মানবেতর জীবন যাপন করছে। ফলে বিদ্যালয়নির্ধারিত ৫০০ টাকা করে সেশন ফি তাদের পক্ষে পরিশোধ করা সম্ভব হচ্ছে না। বিদ্যালয় কর্তৃপক্ষ সেশন ফি পরিশোধ না করায় ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ৯৫, অষ্টম শ্রেণির ১৪১, নবম শ্রেণির ৯০ জনসহ তিন শতাধিক শিক্ষার্থীকে এ বছরের নতুন পাঠ্যবই দেয়নি।
অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হামিদ বলেন, সরকারি নিয়ম মেনে অ্যাকাউন্ট খুলে সেশন ফির টাকা আগে উত্তোলনের কথা বলা হয়েছে। যেসব শিক্ষার্থী বই পায়নি শিগগিরই তাদের নতুন বই দেওয়া হবে।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম বলেন, বিষয়টি জেনেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।