সড়কে প্রাণ গেল ২ জনের

খুলনা ও মোলভীবাজারে পৃথক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার খুলনায় দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সকাল ৯টার দিকে নগরীর জিরোপয়েন্ট এলাকার খুলনা-সাতক্ষীরা সড়কের শিকদার পেট্রোল প্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নগরীর নিরালা আবাসিক এলাকার হাবিবুর রহমানের ছেলে মাহমুদুল হাসান আশিক (১৬) ও কয়রা উপজেলার বাগমারা গ্রামের কাশিনাথ সিনহার ছেলে উত্তম কুমার সিনহা ওরফে পাখি (৩২)।

হরিণটানা থানার ডিউটি অফিসার সাব ইন্সপেক্টর (এসআই) ফাতেমা খাতুন জানান, সকাল ৯টার দিকে নগরীর জিরোপয়েন্ট এলাকার খুলনা-সাতক্ষীরা সড়কের শিকদার পেট্রলপাম্পের সামনে একটি দ্রুতগামী ট্রাক (ঢাকা মেট্রো ট-২২৫১৪৭) মোটরসাইকেল আরোহী উত্তম ও আশিককে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে। নিহত দুইজন খেজুরের রস নিয়ে বাসায় ফিরছিলেন।

হরিণঘাটনা থানার ওসি এনামুল হক জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশের গাড়ির সঙ্গে সিএনজির সংঘর্ষে আহত ৫ : মৌলভীবাজারের কমলগঞ্জে সাংসদের সঙ্গে থাকা পুলিশের প্রটোকল গাড়ির সঙ্গে যাত্রীবাহী সিএনজি অটোর সংঘর্ষে সিএনজির ভেতরের নারীসহ ৫ যাত্রী আহত হয়েছেন। কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া এলাকায় শুক্রবার বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।

কমলগঞ্জ থানা ও শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকালে স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ কমলগঞ্জে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে আসছিলেন। বেলা সাড়ে ১১টায় মাগুরছড়া এলাকায় একটি দ্রুতগামী যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সঙ্গে সাংসদের সঙ্গে থাকা পুলিশের প্রটোকল জীপের মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজিটি ক্ষতিগ্রস্ত হয় এবং এর ৫ যাত্রী আহত হন। আহতরা হলেন, লিটন নায়েক (২৫), চুনু রায় (৪৫), মামনি (২০), গৌরী রায় (৫০) ও সবিতা রায় (২০)। আহতরা সবাই কমলগঞ্জের বলে জানা যায়। ঘটনার পর দ্রুত আহতদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. পিনাকি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের মধ্যে লিটন নায়েক ও চনু রায়ের অবস্থা গুরুতর থাকায় তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের চিকিৎসাসেবার দিকে নজর রাখা হচ্ছে।