অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালাতে হবে : শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসীদের অস্ত্রের ঝনঝনানি ও হানাহানি শুরু হয়েছে মন্তব্য করে নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে সাঁড়াশি অভিযান চালানোর জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী ডা. শাহাদাত হোসেন। গতকাল শুক্রবার দুপুরে নগরীর চকবাজার ওয়ার্ডে ধানের শীষের পক্ষে নির্বাচনী গণসংযোগকালে এ দাবি জানান তিনি।

বিএনপি প্রার্থী বলেন, ‘প্রতিটি নির্বাচনের আগে নিয়ম অনুযায়ী সব  বৈধ অস্ত্র জমা নিয়ে অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসন তৎপর থাকে। কিন্তু চসিক নির্বাচনকে সামনে রেখে প্রশাসন এখনো পর্যন্ত অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান কিংবা বৈধ অস্ত্র জমা নেওয়ার কোনো ধরনের উদ্যোগ নেয়নি। ফলে প্রতিদিন ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের অস্ত্রের ঝনঝনানি, হানাহানি চলছে। ইতিমধ্যে পাঠানটুলি ও বাকলিয়াতে নিজেদের মধ্যে গোলাগুলি ও ছুরিকাঘাতে ২ জন নিহত হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে নগরীর হালিশহর রামপুর ওয়ার্ডের বড় পুকুর পাড়ে ধানের শীষ প্রতীকের পোস্টার লাগাতে গেলে যুবলীগ কর্মীরা হামলা চালায়।’

ডা. শাহাদাত হোসেন বলেন, ‘ছাত্রলীগ-যুবলীগ সন্ত্রাসীদের হাতে থাকা অবৈধ অস্ত্র সাধারণ ভোটার ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ভয়ভীতি ছড়ানোর জন্য ব্যবহার করতে পারে। নির্বাচনের আগে আরও হামলা এবং হতাহতের ঘটনা ঘটার আশঙ্কায় সাধারণ  ভোটাররা শঙ্কিত। এসব খুনাখুনি বন্ধে ও সাধারণ ভোটার এবং বিরোধী দলের নেতাকর্মীদের জানমালের নিরাপত্তায় অবিলম্বে লাইসেন্স করা অস্ত্র জমা নিয়ে অবৈধ অস্ত্র উদ্ধারে সাঁড়াশি অভিযান পরিচালনার জন্য জোর দাবি জানাচ্ছি।’

বিএনপির এই মেয়র প্রার্থী গতকাল সকালে নগরীর চকবাজার ধুনিরপুলস্থ ডিসি রোডে ধানের শীষের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন। পরে তিনি ধুনিরপুল থেকে শুরু করে সিরাজউদ্দৌলা  রোড, চন্দনপুরা, গনি বেকারি, কলেজ রোড, অলি খাঁ মসজিদ মোড়, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও শেভরন এলাকা, পাঁচলাইশ বড় গ্যারেজ, কাতালগঞ্জ হয়ে তেলিপট্টি মোড় এলাকায় গিয়ে গণসংযোগ শেষ করেন।

গণসংযোগকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, উত্তর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ইউনুচ চৌধুরী, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী  বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য গাজী সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম, নগর মহিলা দলের সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি মো.  সেকান্দর, পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল ছগির, চকবাজার ওয়ার্ড বিএনপির সভাপতি মনজুর আলম মনজু, চকবাজার ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সালাউদ্দীন কায়সার লাবু, বিএনপি নেতা শফিকুল আলম, ইব্রাহিম বাচ্চু, আমিন মাহমুদ, আবু আহমেদ, অধ্যক্ষ খোরশেদ আলম, ইসমাঈল বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।