ক্ষতিপূরণ নিয়ে শঙ্কায় সানোফির কর্মীরা

চাকরি নিয়ে শঙ্কায় দেশে কর্মরত সানোফি বাংলাদেশের এক হাজার কর্মকর্তা-কর্মচারী। তারা জানান, সানোফি বাংলাদেশ থেকে বেনিফিট দেওয়ার বিষয়ে আশ্বাস দেওয়া হলেও ক্ষতিপূরণ এবং অর্জিত বেনিফিট নিয়ে সুনির্দিষ্ট কোনো ঘোষণা এখন পর্যন্ত দেওয়া হয়নি। গতকাল ইকোনমিক রিপোর্টার্স ফোরামে (ইআরএফ) আয়োজিত সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা জানানো হয়। সানোফি বাংলাদেশ লিমিটেড ওয়ার্কার্স-এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে বলা হয়, সানোফি গ্লোবাল ম্যানেজমেন্ট সানোফি বাংলাদেশের ৫৫ শতাংশ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্তের কারণে সানোফি বাংলাদেশের প্রায় এক হাজার কর্মী ভবিষ্যৎ সুরক্ষা এবং তাদের যৌক্তিক অধিকার সমুন্নত রাখা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। সংগঠনটির সভাপতি মো. নুরুজ্জামান রাজু বলেন, একাধিকবার আমাদের দাবি সানোফি বাংলাদেশের ম্যানেজমেন্টকে জানালেও তারা শুধু আশ্বাসই দিয়ে গেছেন। তারা এখন পর্যন্ত আমাদের কোনো ক্ষতিপূরণ বা অর্জিত  বেনিফিট যেটা কোম্পানির কাছে গচ্ছিত আছে, সেগুলো নিয়ে কিছু বলেনি। এরপরও আমরা আশা রাখি, আন্তর্জাতিক মানের এ কোম্পানি শ্রমিকদের সব দাবি নির্দিষ্ট সময়ের মধ্যেই পূরণ করবে। তিনি আরও বলেন, তৃতীয় কোনো কোম্পানির কাছে সানোফির ৫৫ শতাংশ শেয়ার বিক্রির দিন থেকে সব দাবি-দাওয়া ক্ষতিপূরণ-অর্জিত বেনিফিটসহ সব কিছু পরিশোধ করতে হবে। এ সময়ের মধ্যে ক্ষতিপূরণ না দেওয়া হলে আমরা আন্দোলন করতে বাধ্য হব। এই আন্দোলনের মাধ্যমেই আমাদের দাবি পূরণ করা হবে।