মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ আবদুর রহমানের পক্ষে কাজ করার দায়ে পৌর বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান মানিক ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবদুস সালাম ব্যাপারী। গতকাল শনিবার বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিম ও সদস্য সচিব শেখ মোজাফফর রহমান আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পৌর নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর বিপক্ষে এবং সরকারদলীয় প্রার্থীর পক্ষে ভোট চেয়ে সভা, প্রচারণা ও বক্তব্য রাখায় তাদের বহিষ্কার করা হয়েছে। পৌর বিএনপির সিনিয়র সভাপতি খলিলুর রহমান তার বাড়িতে সরকারদলীয় প্রার্থীকে প্রধান অতিথি করে সভা করেন। ওই সভায় সভাপতিত্ব করেন খলিলুর রহমান। সভায় মাহাবুবুর রহমান মানিক ও আবদুস সালাম ব্যাপারীও বক্তব্য দেন। এ ছাড়া বিভিন্ন সময়ে এই তিন নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের এবং সরকারদলীয়দের সঙ্গে আঁতাত করে জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি নষ্ট করারও অভিযোগ রয়েছে।
গতকাল অনুষ্ঠিত নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী শেখ আবদুর রহমান জয়ী হন।
বহিষ্কারের বিষয়ে খলিলুর রহমান বলেন, ‘এটা (বহিষ্কার) যুক্তিসংগত নয়। আমরা যার (বিএনপির মেয়র প্রার্থী জুলফিকার আলী) বিরোধিতা করেছি, সে ১০ বছর ধরে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে আসছে। সুতরাং তাকে আরও ক্ষমতায় রাখলে বিএনপি নিশ্চিহ্ন হয়ে যেত। বিএনপিকে রক্ষা করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে নির্বাচন করেছি।’
এ বিষয়ে বক্তব্য জানতে মাহাবুবুর রহমান মানিককে কল করলে তিনি রিসিভ করেননি। আর আব্দুস সালাম ব্যাপারীর মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।