বাইডেনের শপথের দিন হোয়াইট হাউজ ছাড়বেন ট্রাম্প

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করবেন জো বাইডেন। সেদিন সকালেই হোয়াইট হাউজ ছাড়বেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে এএফপি।

২০ তারিখ সকালে রাজধানী ওয়াশিংটন ডিসি ছেড়ে ফ্লোরিডা যাওয়ার পরিকল্পনা করছেন ট্রাম্প। এর আগে অভিষেকের একদিন আগে অর্থাৎ মঙ্গলবারই ওয়াশিংটন ছাড়ার চিন্তা করেছিলেন। পরে মত পাল্টে বুধবার সকালে ফ্লোরিডা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ফলে গত দেড় শতাব্দী ধরে তিনিই প্রথম কোনো প্রেসিডেন্ট হিসেবে তার পরবর্তী উত্তরসূরির শপথ অনুষ্ঠানে থাকছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, ২০ তারিখ সকালেই ফ্লোরিডার মার-এ-লাগো ক্লাবে যাবেন ট্রাম্প। এটা ট্রাম্পের বৈধ আবাসস্থল। হোয়াইট হাউজ ছাড়ার পর সেখানেই থাকবেন তিনি।

বাইডেনের অভিষেকে থাকবেন না বলে আগেই ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। সে অনুযায়ী ওয়াশিংটন ডিসির বাইরে এয়ার ফোর্স ওয়ানের সদর দপ্তর জয়েন্ট বেস অ্যান্ড্রুজ ঘাঁটিতে তার বিদায় অনুষ্ঠানের পরিকল্পনা করছেন বলেও জানিয়েছেন কর্মকর্তারা। তবে এই পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে। আর বুধবার তিনি কখন বক্তব্য রাখবেন তাও এখনো নিশ্চিত নয়।

গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রায় দু’মাস ধরে বহু প্রচেষ্টার পরও নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার চেষ্টায় ব্যর্থ হয়েছেন ট্রাম্প। প্রথম থেকেই তিনি নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনেছেন। কিন্তু এর সপক্ষে তিনি কোনো প্রমাণ দিতে পারেননি।

এরমধ্যেই গত ৬ জানুয়ারি দেশটির পার্লামেন্ট ভবনে হামলা চালায় ট্রাম্পের সমর্থকরা। ওই ঘটনায় শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই নয় বরং বিভিন্ন দেশে ট্রাম্পের প্রতি ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই ঘটনার কারণে দ্বিতীয়বারের মতো ট্রাম্পকে অভিশংসিত করেছে দেশটির প্রতিনিধি পরিষদ।