২০ জানুয়ারির মধ্যে স্কুলে ভর্তি কার্যক্রম শেষ করার নির্দেশ

সরকারি স্কুলে লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি ২০ জানুয়ারির মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ ছাড়া ২১-২৫ জানুয়ারির মধ্যে অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তিও শেষ করতে হবে। এ নির্দেশনা দিয়ে গত বৃহস্পতিবার স্বাক্ষরিত চিঠি গতকাল শনিবার দেশের সব সরকারি স্কুলে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন মাউশি মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক।

চিঠিতে বলা হয়, লটারির ফল অনুযায়ী স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত শিক্ষার্থীদের মূল জন্মনিবন্ধন সনদ, মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ, সংরক্ষিত কোটা থাকলে সে সংক্রান্ত কাগজ যাচাই করে ২০ জানুয়ারির মধ্যে সরকারি স্কুলগুলোতে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে। আর ২১-২৫ জানুয়ারি পর্যন্ত অপেক্ষমাণ তালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শেষ করতে হবে।

এর আগে গত ১১ জানুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে লটারির মাধ্যমে সারা দেশের ৩৯০টি স্কুলের ৭৭ হাজার ১৪৪ জন শিক্ষার্থীকে বাছাই করা হয়। সেই সঙ্গে সমপরিমাণ অপেক্ষমাণ তালিকাও প্রকাশ করা হয়।