নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইটভাটায় ইট ভাঙাকে কেন্দ্র করে এএসবি নামে ইটভাটার দুই সর্দারের গ্রুপের সমর্থকদের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৭ জন আহত হয়েছে।
রবিবার বেলা ১১টার দিকে তারাব পৌরসভার কর্ণগোপ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, এএসবি নামে একটি ইটভাটায় মুকলেছুর রহমান ইটভাটার কাচাঁমাল তৈরির শ্রমিকদের সর্দার হিসেবে কাজ করেন।
অপরদিকে, ফজলু মিয়া নামে আরেকজন ইটাভাটার ইট লোডআনলোডের শ্রমিকদের সর্দার। সর্দার ফজলু মিয়ার শ্রমিকরা ইট আনা নেওয়ার সময় মুকলেছুর রহমানের শ্রমিকদের কাচাঁমাল ইট ভেঙে ফেলেন।
ইটভাঙাকে কেন্দ্র করে সর্দার মুকলেছুর রহমান ও ফজলু মিয়ার মাঝে কথাকাটাকাটি শুরু হয়।
কথাকাটাকাটি একপর্যায়ে মুখলেছুর রহমান ও তার লোকজন লাঠিসোটা, শাবল, কোদালসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ফজলু মিয়ার লোকজনের উপর হামলা চালায়। পরে ফজলু মিয়ার লোকজনও পাল্টা হামলা চালায়।
এক পর্যায়ে একপক্ষ অপর পক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
সংঘর্ষে উভয়পক্ষের সর্দার মুকলেছুর রহমান, সর্দার ফজলু মিয়া, রেজা, সাগর, নরুল হক, মোহাম্মদ, হেলাল খান, পথচারী মঞ্জুসহ অন্তত ২৭ জন আহত হয়েছে।
এদের মধ্যে মুকলেছুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
এএসবি ইটভাটার ব্যবস্থাপক আলম হোসেন বলেন, শ্রমিকদের মাঝে সামান্য কিছু ঘটনা ঘটেছে। কিন্তু এতজন আহতের কথাটি সঠিক নয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, বিষয়টি আমার জানা নেই। এছাড়া ওই এলাকার কিলোফাইভে ডিউটিতে থাকা অফিসারও বিষয়টি জানেন না। যেহেতু জেনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে বিষয়টি খোঁজ নিয়ে জানার চেষ্টা করছি