সাংবিধানিক নির্দেশনা ও উপজেলা পরিষদ আইন বাস্তবায়ন করে পরিষদকে কার্যকর করার দাবিতে দেশের বিভিন্ন স্থানে সংবাদ সম্মেলন এবং মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানরা। গতকাল রবিবার ‘বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। তারা বলছেন, ‘উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা জনগণের ভোটে নির্বাচিত হয়েও প্রশাসনিক-সামাজিকভাবে মর্যাদাহীন। সংবিধান লংঘন করে আমলাতান্ত্রিক উপায়ে উপজেলা পরিষদকে পরিচালিত করা হচ্ছে। তাই সব প্রতিবন্ধকতা দূর করে নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতৃত্বে উপজেলা পরিষদের সব প্রশাসনিক কর্মকান্ড পরিচালনার দাবি জানাই।’ বিভিন্ন জেলায় পালিত কর্মসূচির বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে:
বরিশাল : নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতৃত্বে উপজেলা পরিষদের সব প্রশাসনিক কর্মকা- পরিচালনার দাবিতে বরিশালে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন। গতকাল রবিবার সকালে নগরীর রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে অ্যাসোসিয়েশনের বরিশাল জেলা শাখার উদ্যোগে এ সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন্নাহার মেরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালে আইন প্রবর্তন করে ২০০৯ সালে নির্বাচনের মাধ্যমে উপজেলা পরিষদ সক্রিয় করেন। ২০১১ সালে উপজেলা পরিষদ আইন সংশোধন করে ১৭টি বিভাগ/দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও তাদের কার্যাবলি উপজেলা পরিষদের কাছে হস্তান্তর করা হয়। অথচ কতিপয় কর্মকর্তার নেতিবাচক মনোভাবের কারণে দীর্ঘ এক যুগেও উপজেলা পরিষদ আইন পুরোপুরি কার্যকর হয়নি।’ এ সময় অন্যদের মধ্যে বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক দুলাল, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান রইস সেরনিয়াবাত প্রমুখ বক্তব্য রাখেন।
নীলফামারী : সাংবিধানিক নির্দেশনা ও আইন বাস্তবায়ন করে উপজেলা পরিষদকে কার্যকর করার দাবিতে নীলফামারীতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা। গতকাল দুপুরে নীলফামারী ডায়াবেটিক সমিতির সম্মেলন কক্ষে বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় লিখিত বক্তব্যে নীলফামারী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ বলেন, ‘জনগণের ভোটে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েও আমরা প্রশাসনিক ও সামাজিকভাবে মর্যাদাহীন। সংবিধান লংঘন করে উপজেলা পরিষদকে পরিচালিত করা হচ্ছে আমলাতান্ত্রিকভাবে। প্রজাতন্ত্রের মালিক জনগণ, তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে নিশ্চিত হবে জবাবদিহি ও সুশাসন। আর সেটির সহায়ক শক্তি হবেন সরকারের বিভিন্ন স্থরের কর্মকর্তারা। কিন্তু কতিপয় প্রশাসনিক কর্তকর্তা মুক্তিযুদ্ধের চেতনাকে পাশ কাটিয়ে জনপ্রতিনিধিত্বহীন প্রশাসন প্রতিষ্ঠার ষড়যন্ত্রে লিপ্ত।’
মাগুরা : সংবিধানের নির্দেশনা ও আইনের আলোকে নির্বাচিত উপজেলা পরিষদ কার্যকর করার দাবিতে গতকাল মাগুরা প্রেস ক্লাব মিলনায়তনে জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন মাগুরা জেলা শাখা সভার আয়োজন করে।
মাগুরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু। অন্যদের মধ্যে শালিখা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট কামাল হোসেন, মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, শালিখা উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
হবিগঞ্জ : সংবিধান ও সংসদে পাসকৃত আইনের যথাযথ বাস্তবায়নসহ সব প্রতিবন্ধকতা দূর করে নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতৃত্বে উপজেলার প্রশাসনিক কর্মকা- পরিচালনার বাস্তবায়ন চান উপজেলা চেয়ারম্যানরা। এ ঘটনায় গতকাল দুপুরে হবিগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেছেন তারা। সভায় বক্তারা বলেন, ‘বিভিন্ন কর্মকর্তার নেতিবাচক মনোভাবের কারণে দীর্ঘদীন যাবৎ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারিকৃত অনেক নির্দেশনা ও প্রজ্ঞাপনকে উপেক্ষা করে নির্বাচিত উপজেলা পরিষদকে কর্র্তৃত্বহীন করা হয়েছে। প্রশাসনিক অনেক কাজেই নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যানদের অবহেলা করা হচ্ছে।’
চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়াম্যান আলহাজ আব্দুল কাদির লস্করের সভাপতিত্ব ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে মাধবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মুসফিউল আলম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
গাজীপুর : জাতীয় সংসদে পাসকৃত উপজেলা পরিষদের আইনের যথাযথ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ উপজেলা অ্যাসোসিয়েশনের গাজীপুর জেলা শাখা। গতকাল দুপুরে কালিয়াকৈর প্রেস ক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সংবিধানের নির্দেশনা ও আইনানুযায়ী প্রতিষ্ঠিত প্রশাসনিক একাংশ নির্বাচিত উপজেলা পরিষদ কর্র্তৃত্বহীন, প্রজাতন্ত্রের মালিক জনসাধারণ, তৃণমূলের জবাবদিহি শাসন বিঘিœত বিষয়ে মতবিনিময় করেন বক্তারা। অ্যাসোসিয়েশনের গাজীপুর জেলা শাখার সভাপতি ও কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার সভায় সভাপতিত্ব করেন। কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদের সঞ্চালনায় অন্যদের মধ্যে কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমানত হোসেন খান, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রিনা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।