ট্রাকের চাকায় পিষ্ট হয়ে খুলনার খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেগ আনিসুর রহমান (৫২) নিহত হয়েছে। তিনি মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বেগ লিয়াকত আলীর ছোট ভাই।
সোমবার রাত সাড়ে ৭টায় খুলনা-যশোর মহাসড়কের ফুলবাড়ী গেট জামিয়া কারিমীয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় পাট বোঝাই ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে তিনি মারা যান। পুলিশ ট্রাক এবং মাহেন্দ্র আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রাকটি বেজেরডাঙ্গা আইয়ান জুট মিল থেকে পাট নিয়ে রেলিগেট বিশ্বাস জুট ট্রেডার্সে নিয়ে যাচ্ছিল। রাত সোয়া ৭টায় ট্রাকটি ফুলবাড়ী গেট জামিয়া কারিমিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় পৌঁছালে একটি মাহেন্দ্রর সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মাহেন্দ্রর সামনে থাকা বেগ আনিস ছিটকে ট্রাকের চাকার নিজে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন। ঘটনার পর প্রায় আধা ঘণ্টা সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
খানজাহান আলী থানা ফায়ার সার্ভিসের একটি টিম রাত ৮টায় নিহতের লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করে।
খানাজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস বলেন, মাহেন্দ্র ও ট্রাক জব্দ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।