পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, পুলিশ সদস্যদের যে যোগ্যতা, দক্ষতা ও মেধা রয়েছে তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারলে দেশ ও দেশের মানুষের জন্য আরও অনেক বেশি কাজ করা সম্ভব। গতকাল সোমবার দুপুরে রাজধানীর হাতিরঝিলে পুলিশ প্লাজায় সদ্য স্থানান্তরিত নৌ পুলিশ সদর দপ্তরে নৌ পুলিশ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
পুলিশ সদস্যদের উদ্দেশে আইজিপি বলেন, ‘নিজ পেশাকে হৃদয় দিয়ে ভালোবাসতে হবে। আমাদের মধ্যে যা কিছু খারাপ তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। গতানুগতিক তথা প্রথাগত পুলিশিং থেকে আমাদের বেরিয়ে এসে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। দেশের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনে বৃহত্তর পরিসরে কাজ করতে হবে। গর্বের সঙ্গে চাকরি করতে হবে যেনো গর্ব নিয়ে বাড়ি যেতে পারি। গতানুগতিক পুলিশিংয়ের চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের জন্য কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘পুলিশিং এক ধরনের যুদ্ধ। অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে সর্বক্ষণিক যুদ্ধ করে সমাজ ও দেশে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে হয়। দেশের স্বার্থে এ যুদ্ধে সব সময় সফল হওয়া জরুরি।’
অনুষ্ঠানে আইজিপি বাংলাদেশ পুলিশের অপেক্ষাকৃত নতুন ইউনিট নৌ পুলিশকে স্বল্প সময়ের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের জন্য বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। বিশেষ করে নৌপথে নিরাপত্তা বিধানের পাশাপাশি মাছ ও মাছের প্রজনন অঞ্চল রক্ষা, জলাশয়ের দূষণ কমানো, অবৈধ বালু উত্তোলন বন্ধ করা, অবৈধ জাল উদ্ধার, অবৈধ পাথর উত্তোলন বন্ধ করা, নৌ পুলিশের মাধ্যমে ৯৯৯-এর সাফল্যের কথা ইত্যাদি উল্লেখ করে তিনি নৌ পুলিশের সব সদস্যকে সাধুবাদ জানান।
নৌ পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত আইজি (এএন্ডও) মো. মইনুর রহমান চৌধুরী, এসবিপ্রধান মীর শহীদুল ইসলাম, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, অতিরিক্ত আইজি (ফাইন্যান্স) এস এম রুহুল আমিন, অতিরিক্ত আইজি (এইচআরএম) মো. মাজহারুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে নৌ পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিগত দিনে নৌ পুলিশের বিভিন্ন কর্মকান্ড এবং আভিযানিক সাফল্যের কথা তুলে ধরেন। নৌ পুলিশের এই সফল পথ চলায় সর্বতোভাবে পাশে থাকার জন্য তিনি আইজিপির প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।