আবাসিক হোটেল কক্ষে হাত-পা বেঁধে কিশোরকে নির্যাতন

পটুয়াখালীর বাউফলে রিফাদ হোসেন (১৭) নামে এক কিশোরকে আবাসিক হোটেলের কক্ষে আটকে রেখে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা শহরের আল-আমিন আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় রিফাদকে উদ্ধার ও হোটেল মালিকের ছেলে আবুল বশার রনিকে আটক করে পুলিশ। এ ঘটনায় রিফাতের বড় বোন রোখসানা বেগম বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন। ভুক্তভোগী রিফাদ একই উপজেলার সূর্যমনি ইউনিয়নের নুরাইনপুর গ্রামের নুরুল আমিনের ছেলে।

রিফাতের বড় বোন জানান, তার অন্তঃসত্ত্বা ছোট বোনের প্রসব ব্যথা উঠলে রবিবার রাত ১০টার দিকে উপজেলা সদরের বাউফল হেলথ কেয়ার অ্যান্ড ক্লিনিকে নিয়ে ভর্তি করান তিনি ও তার পরিবারের সদস্যরা। রাত ১১টার দিকে হাসপাতালের সামনের একটি খাবার হোটেলে ভাত খাওয়ার জন্য যান রিফাত। কিন্তু ফিরতে দেরি হওয়ায় তাকে খুঁজতে বের হন তার স্বজনরা। ওই সময় রিফাতের ফোনে কল করলে কান্নার আওয়াজ পান তারা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। অনেক খোঁজাখুঁজির পর আল-আমিন হোটেলের একটি কক্ষ থেকে রাত সাড়ে ১১টার দিকে রিফাতকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ।

আহত রিফাত বলেন, ‘রাত সাড়ে ১১টার দিকে বাউফল হাসপাতাল রোডের গুলশান সড়কের সামনে পৌঁছালে তাকে ডেকে নিয়ে যায় এক ব্যক্তি (আবুল বশার)। আমার বোনের অসুস্থতার কথা বললেও শুনেননি তিনি। একপর্যায়ে আল আমিন হোটেলের একটি কক্ষে নিয়ে দরজা আটকে আমার হাত-পা ও মুখ বেঁধে হাতুড়ি দিয়ে বুকে আঘাত করেন। এ সময় আমার সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়।

বাউফল থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, অভিযুক্ত রনি মাদকসহ একাধিক মামলার আসামি। গতকাল আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।