দেশে করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর মহামারী মোকাবিলায় সম্মুখসারিতে থাকা সরকারি চাকরিজীবীরা আক্রান্ত হলে ক্ষতিপূরণের যে ঘোষণা দেওয়া হয়েছিল সেই অর্থ চেয়ে আবেদন করেছেন করোনায় আক্রান্ত হওয়া ১০ হাজার পুলিশ সদস্য। আবেদনের পরিপ্রেক্ষিতে সপ্তাহখানেক আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়কে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ (পুলিশ-২) থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যরা দায়িত্ব পালনকালে করোনাভাইরাসে আক্রান্ত হন। সরকারঘোষিত পরিপত্রে শর্তানুযায়ী দায়িত্ব পালনকালে কভিড-১৯-এ আক্রান্ত হলে এককালীন ক্ষতিপূরণ প্রদানের সিদ্ধান্ত থাকায় ১০ হাজার পুলিশ সদস্য কর্তৃক ক্ষতিপূরণের জন্য পুলিশ সদর দপ্তরের মাধ্যমে সংশ্লিষ্ট কাগজপত্রসহ আবেদনপত্র দাখিল করেন। ক্ষতিপূরণের অর্থপ্রাপ্তির জন্য দাখিল হওয়া এসব আবেদন অর্থ বিভাগে পাঠানো হবে কি না সে বিষয়ে মতামত চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, করোনায় সরকারি চাকুরেদের মৃত্যুতে সর্বোচ্চ ক্ষতিপূরণ পাবেন ৫০ লাখ টাকা। গত বছর ২৩ এপ্রিল সরকার এ ঘোষণা দিয়েছিল। ঘোষণায় বলা হয়, বেতন স্কেল অনুযায়ী ১৫-২০তম গ্রেডের কেউ আক্রান্ত হলে ক্ষতিপূরণ হিসেবে তাকে ৫ লাখ টাকা দেওয়া হবে আর মারা গেলে দেওয়া হবে ২৫ লাখ টাকা। ১০-১৪তম গ্রেডের কেউ আক্রান্ত হলে দেওয়া হবে ৭ লাখ ৫০ হাজার টাকা আর মারা গেলে পাবেন ৩৭ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া প্রথম-নবম গ্রেডের কেউ আক্রান্ত হলে ১০ লাখ এবং মারা গেলে ৫০ লাখ টাকা দেওয়া হবে।