সংসদের একাদশ অধিবেশন

সাবেক ডেপুটি স্পিকার মন্ত্রী এমপির মৃত্যুতে শোক প্রস্তাব

প্রয়াত সাবেক এক ডেপুটি স্পিকার, সাবেক এক মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী এবং নয়জন সাবেক সংসদ সদস্যের (এমপি) মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। গতকাল সোমবার একাদশ সংসদের এ বছরের প্রথম অধিবেশন শুরুর দিনে নিয়ম অনুযায়ী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ শোক প্রস্তাব উত্থাপন করেন।

যাদের নামে শোক প্রস্তাব আনা হয়েছে তারা হলেন সাবেক ডেপুটি স্পিকার ও শরীয়তপুর-২ আসনের এমপি শওকত আলী, সাবেক মন্ত্রী ও ফরিদপুর-৩ আসনের সাবেক এমপি চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সাবেক প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-৩ আসনের সাবেক এমপি আ খ ম জাহাঙ্গীর হোসাইন, সাবেক প্রতিমন্ত্রী ও যশোর-৩ আসনের সাবেক এমপি মো. খালেদুর রহমান টিটো, চট্টগ্রাম-১৫ আসনের সাবেক এমপি শাহ-ই-জাহান চৌধুরী, সপ্তম সংসদে কক্সবাজার-৪ আসনের এমপি মোহাম্মদ আলী, রাজশাহী-৩ আসনের সাবেক এমপি মোহাম্মদ আবু হেনা, নোয়াখালী-২ আসনের সাবেক এমপি এমএ হাসেম, পটুয়াখালী-৩ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট আনোয়ার হোসেন হাওলাদার, নরসিংদী-২ আসনের সাবেক এমপি দেলোয়ার হোসেন খান, মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি সামসুদ্দীন আহমেদ, পঞ্চম সংসদের সংরক্ষিত নারী আসন-১৬ এবং অষ্টম সংসদের সংরক্ষিত নারী আসন-৯-এর এমপি নুরজাহান ইয়াসমিন, অষ্টম সংসদের সংরক্ষিত নারী আসন-৪-এর এমপি অ্যাডভোকেট খালেদা পান্না।

এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিণী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি শেখ রাজিয়া নাসের, শেখ হাসিনার বড় জা রওশন আরা ওয়াহেদ রানী, সংসদ সচিবালয়ের কামরা পরিচালক মো. কোরবান আলী, ঢাকা-৭ আসনের এমপি হাজী মোহাম্মদ সেলিমের স্ত্রী গুলশান আরা, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এবং নারী নেত্রী আয়শা খানম, স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন, সমাজসেবক ও ভাষাসৈনিক মো. জাহিদ হোসেন মুসা মিয়া, সাবেক সচিব ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক কবি এবং গবেষক মনজুরে মওলা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক মুহ. আবদুল হান্নান খান, একুশে পদকপ্রাপ্ত অভিনেতা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি নাট্যব্যক্তিত্ব আলী যাকের, উপমহাদেশের প্রখ্যাত শাস্ত্রীয় সংগীতজ্ঞ ওস্তাদ শাহাদাৎ হোসেন খান, বীরউত্তম ক্যাপ্টেন আকরাম, অভিনেতা আবদুল কাদের, সাংবাদিক ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান এবং বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে সংসদে শোক প্রকাশ করা হয়।

তাছাড়া করোনায় আক্রান্ত হয়ে দেশ-বিদেশে যেসব চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, প্রশাসন-পুলিশের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অন্যান্য সরকারি-বেসরকারি কর্মচারীদের মৃত্যুতে সংসদ শোক প্রকাশ করেছে। এছাড়া দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহতদের স্মরণে সংসদ শোক প্রকাশ, সকল বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে।

এরপর শোক প্রস্তাবগুলো সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। পরে সকল বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও মাগফিরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।