বিদেশি মালিকানাধীন বা নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলো মূল কোম্পানি বা শেয়ারগ্রহীতার কাছ থেকে স্বল্পমেয়াদে ঋণ নেওয়ার প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল মঙ্গলবার জারি করা নির্দেশনা অনুযায়ী, বিদেশি প্রতিষ্ঠানগুলোর ঋণের পরিধি ও সময়সীমা দুটোই বেড়েছে। গতকাল বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলারে বলা হয়, উৎপাদনমুখী প্রতিষ্ঠানগুলোর মতো সেবা খাতের শিল্প প্রতিষ্ঠানগুলোও এখন থেকে তাদের বিদেশি মূল কোম্পানি বা শেয়ারগ্রহীতাদের কাছ থেকে স্বল্পমেয়াদি চলতি মূলধনী ঋণ নিতে পারবে। তবে এ সুবিধা ট্রেডিং বা ব্যবসা খাতের প্রতিষ্ঠানগুলোর জন্য প্রযোজ্য হবে না। সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানায়, উৎপাদন ও সেবা কার্যক্রম শুরু থেকে ছয় বছর পর্যন্ত এ সুবিধা নিতে পারবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। আগে এ সুবিধা নেওয়ার সময়সীমা ছিল সর্বোচ্চ তিন বছর। সার্কুলারে আরও বলা হয়, বিনিময়যোগ্য বৈদেশিক মুদ্রায় এ ঋণ নেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ৩ শতাংশ সুদ পরিশোধ করতে পারবে প্রতিষ্ঠানগুলো। স্বল্পমেয়াদি ঋণ পরিশোধের সময় হবে সর্বোচ্চ এক বছর। তবে প্রতিষ্ঠানগুলো চাইলে ঋণবাবদ প্রাপ্ত বিদেশি মুদ্রা টাকায় রূপান্তরের পর তার ওপর ব্যাংকের বিদ্যমান তিন মাস মেয়াদি আমানতের প্রযোজ্য সুদসহ ঋণের অর্থ পরিশোধ করতে পারবে।