এ প্রজন্মের সম্ভাবনাময় চিত্রনায়ক রোশান। এরই মধ্যে ‘রক্ত’, ‘বেপরোয়া’ ছবি দুটি দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। কাজ করছেন দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ এবং সরকারি অনুদানের সিনেমা ‘মুখোশ’-এ। তারকাবহুল এ সিনেমা দুটি মুক্তি পেলে রোশান ঢালিউডে আরও একধাপ এগিয়ে যাবেন বলে আশা করা যায়। তবে এই ছবি দুটির আগেই মুক্তি পাবে তার অভিনীত সিনেমা ‘মেকাপ’। অনন্য মামুন পরিচালিত এ সিনেমাটি আই থিয়েটার নামের ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা শিগগিরই। রোশান-ভক্তরা এই তথ্যগুলো জানেন। নতুন খবর হলো, নতুন বছরের শুরুতেই নতুন চমক নিয়ে হাজির এই সুদর্শন নায়ক। একটি নয়, দুটি নয়, একসঙ্গে একই পরিচালকের তিনটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। গতকাল সিনেমা তিনটি নিয়ে এক অনুষ্ঠান করা হয় বিএফডিসিতে। সেখানে চলচ্চিত্র পরিবারের অনেক সিনিয়র শিল্পী, পরিচালক ও কলাকুশলী উপস্থিত ছিলেন। সিনেমা তিনটির নাম ‘ফাইটার’, ‘রিভেঞ্জ’ ও ‘গুলশানের চামেলী’। মো. ইকবালকে পরিচিত সফল চলচ্চিত্র প্রযোজক হিসেবে। ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে তার হৃদ্যতার কথা সবাই জানেন। প্রযোজনার ক্ষেত্রে তারা একে অপরের পার্টনার। শাকিব খানের ‘বীর’, ‘শ্যুটার’সহ একাধিক সিনেমা প্রযোজনা করেছেন ইকবাল। তিনি এবারই প্রথম শাকিব খানের বাইরে অন্য নায়ক নিয়ে কাজ করছেন। চমক এখানেই শেষ নয়, এবার তিনি পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করছেন। রোশানকে চুক্তিবদ্ধ করা তিনটি সিনেমারই পরিচালক তিনি। ইকবাল বলেন, ‘রোশান নতুন প্রজন্মের নায়কদের মধ্যে আমার দৃষ্টিতে খুবই সম্ভাবনাময়। তাই তাকে নিয়ে তিনটি সিনেমা করতে যাচ্ছি। সবগুলো সিনেমা আমিই পরিচালনা করব। এর মধ্যে গুলশানের চামেলী সিনেমাটি আমার প্রযোজনা প্রতিষ্ঠান সুনান ফিল্মস থেকে আসবে। বাকি দুই সিনেমা ফাইটার আর রিভেঞ্জ আসবে জে প্রোডাকশন ও অনুরাগ প্রোডাকশন নামে দুটি নতুন প্রযোজনা সংস্থা থেকে। নতুন দুই প্রযোজক আমার বন্ধু। ছবি তিনটি লিখেছেন দোলোয়ার হোসেন দিল ও আবদুল্লাহ জহির বাবু।’
একসঙ্গে তিন ছবিতে চুক্তিবদ্ধ হয়ে বেশ আনন্দিত রোশান। তিনি বলেন, ‘ভালো কাজ করতে চাই। এখন যারা নিয়মিত ছবি করছেন তাদের মধ্যে ইকবাল ভাই অন্যতম সফল প্রযোজক। তার সিনেমায় কাজ করা আমার ক্যারিয়ারে প্লাস পয়েন্ট। গল্পগুলো শুনে আমার খুব পছন্দ হয়েছে। ছবিগুলোতে অ্যাকশন হিরো হিসেবে দেখা যাবে আমাকে। ব্যক্তিগতভাবে আমি মনে করি অ্যাকশন ইমেজে দর্শক আমাকে খুব পছন্দ করে। আশা করছি ভালো ভালো তিনটি ছবি দর্শকদের উপহার দিতে পারব।’
শাকিব খানের বাইরে কাজ করা প্রসঙ্গে ইকবাল বলেন, ‘শাকিব খান আমার খুব কাছের মানুষ। শুধু তাই নয়, আমরা ব্যবসায়িক পার্টনার। ফলে আমি কোনো কাজ করলে তার সঙ্গে আলোচনা করে করব, এটাই স্বাভাবিক। রোশানকে নিয়ে কাজের বিষয়টি তার সঙ্গে কথা বলেই করছি। এই মুহূর্তে শাকিব খানকে নিয়ে কাজ করার পরিকল্পনা নেই। তার সিনেমা মানেই বিশাল বাজেট। এখন সেই বাজেট উঠিয়ে আনা কঠিন। পরিস্থিতি স্বাভাবিক হলে তাকে নিয়ে কাজ করব।’
নতুন সিনেমা তিনটিতে রোশানের বিপরীতে কারা কাজ করবেন জানতে চাইলে ইকবাল বলেন, ‘এখনো নায়িকা চূড়ান্ত হয়নি। তবে গুলশানের চামেলীতে আমি একজন ভারতীয় অভিনেত্রীর কথা ভাবছি। বাকি দুটিতে দেশের নতুন কোনো মুখ উপহার দেব। না পারলে প্রতিষ্ঠিত কাউকেই নেব।’
কিন্তু গুলশানের চামেলীতে চিত্রনায়িকা ববির কাজের যে কথা শোনা যাচ্ছিল সে প্রসঙ্গে কী বলবেন, জানতে চাইলে এই প্রযোজক বলেন ‘না, ববিকে এ সিনেমার ব্যাপারে আমি কোনো কথা দিইনি। তার জন্মদিনের অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম। তখন প্রযোজক সমিতি থেকে যে সিনেমাটি হবে তাতে ববিকে নায়িকা হিসেবে নেওয়ার কথা বলা হয়েছিল।’
রোশান সম্প্রতি ইফতেখার শুভর ‘মুখোশ’ সিনেমার প্রথম লটের কাজ কাজ শেষ করেছেন। এতে তার সহশিল্পী মোশাররফ করিম ও পরীমনি। আগামী ২৬ জানুয়ারি থেকে দ্বিতীয় লটের কাজ শুরু হবে।
আগামীকাল তিনি আবারও ফিরে যাবেন হোম টাউনে। সেখানে চলছে তার বাবার পৌরসভা নির্বাচনের প্রস্তুতি। রোশান বলেন, ‘সন্তান হিসেবে আমার উচিত বাবার পাশে দাঁড়ানো। সিনেমার জন্য মানুষ আমাকে ভালোবাসেন। সেই ভালোবাসাকে পুঁজি করে বাবার নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছি। আমার বাবা তিনবার ইউপি নির্বাচনে জয়লাভের পর দুইবার পৌরসভা নির্বাচনেও জয়লাভ করেছেন। আশা করছি এবারও সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। বাবার নির্বাচনের পর আবারও অভিনয়ে শতভাগ মনোযোগী হব।’