রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউপি চেয়ারম্যান বশির আহম্মেদ মানিককে পদচ্যুতির খবরে উল্লসিত হয়ে তার সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়েছে একটি পক্ষ। এ সময় হামলাকারীরা ভোলাকোট গ্রামের ফরাজি বাড়ির পাঁচটি বসতঘর ভাঙচুরও করে। এ সময় অন্তত পাঁচজনকে মারধর করে আহত করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, স্থানীয় সরকার বিভাগ গত ১৪ জানুয়ারি তার পদ শূন্য ঘোষণা করে পত্র দেয়। পরে গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম জুয়েলের নেতৃত্বে একটি পক্ষ এ হামলা চালায় বলে অভিযোগ করেন আহতরা।
ফরাজি বাড়ির আবদুর রব, আমির হোসেন, ফাতেমা বেগম, মোতাহের হোসেন বলেন, রাত সাড়ে ১০টার দিকে অর্ধশতাধিক সন্ত্রাসী জাহিদুল ইসলাম জুয়েলের নেতৃত্বে আমাদের বাড়িতে ঢুকে ঘর ভাঙচুর এবং মারধর করে। তবে জাহিদুল ইসলাম জুয়েল বলেন, পাওনা টাকা চাইতে গেলে রিপনসহ তার লোকজন আমার ওপর হামলা চালায়।