সিরাজগঞ্জের শাহজাদপুরের শেলাচাপরি কান্দাপাড়ার শফিকুল ইসলামের বাড়িতে গাদ থেকে জ্বালানি তেল তৈরির অবৈধ কারখানাসহ ছয়টি বসতঘর পুড়ে গেছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে বিস্ফোরণে লাগা আগুনে ওই কারখানার মালিক শফিকুল ইসলাম (৪৫) গুরুতর দগ্ধ হলে তাকে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
এলাকাবাসী জানায়, তারা আরও জানায়, বাঘাবাড়ী নৌবন্দর এলাকার আশপাশের বিভিন্ন কলকারখানা থেকে কম দামে এ গাদ তেল সংগ্রহ করে ওই কারখানায় জ্বাল দিয়ে তা পুনরায় ব্যবহার উপযোগী করে ভালো তেলের সঙ্গে মিশিয়ে বাজারে বিক্রি করে আসছিলেন শফিকুল। প্রতিদিনের মতো গতকাল সকাল থেকে সিলিন্ডার গ্যাসের চুল্লিতে বিশেষভাবে তৈরি কড়াইয়ে এ গাদ জ্বালানোর সময় হঠাৎ বিকট শব্দে তা বিস্ফোরিত হয়ে আশপাশের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আগুনে পুড়ে যায় ১৬ ড্রাম তেল, ৬টি গ্যাস সিলিন্ডার ও ৬টি আধাপাকা টিনের বসতঘর।