নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার উন্নয়নযজ্ঞের সাথী হোন: রেজাউল করিম

স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে স্বপ্নের চট্টগ্রাম গড়ায় জননেত্রী শেখ হাসিনার উন্নয়নযজ্ঞের অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী।

তিনি বলেন, আগামী ২৭ জানুয়ারি স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসুন। নির্বাচনে তরুণ প্রজন্ম সজাগ থাকবে, অন্ধগলির রাজাদের নজরদারিতে রাখতে হবে।

বৃহস্পতিবার বিকেলে নগরীর পূর্ব মাদারবাড়ী, ফিরিঙ্গীবাজার ওয়ার্ডে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রামের নাগরিক সেবার মানোন্নয়নে অনেক কিছুই করার রয়েছে। করোনায় আমরা সবাই বুঝতে পেরেছি, আমাদের স্বাস্থ্যসেবার মান ও পরিধি বাড়ানো উচিত। মেয়র নির্বাচিত হয়ে আমি নগরীর ৪১টি ওয়ার্ডের প্রত্যেকটিতে আধুনিক সুবিধাসম্পন্ন বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও মাতৃসদন গড়ে তুলতে চাই।

তিনি আরও বলেন, সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের কাজ করতে হবে। আমাদের সন্তানরা যাতে বিপথে না যায়, যাতে সুস্বাস্থ্য ও সুস্থ মানসিকতা নিয়ে বিকশিত হতে পারে তার ব্যবস্থা করতে হবে। এজন্য আমি নগরীতে পর্যাপ্ত খেলার মাঠ, বিনোদন কেন্দ্র ও সংস্কৃতি চর্চার ক্ষেত্র গড়ে তুলতে চাই। নগরীর যেসব রাস্তা ও গলিতে আলোর স্বল্পতা রয়েছে সেখানে পর্যাপ্ত আলোকায়নের ব্যবস্থা করতে চাই।

নারী ও যুব সম্পªদায়কে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে করপোরেশনের পক্ষ থেকে আরও অধিক হারে প্রকল্প নেওয়ার কথা জানিয়ে তিনি আরও বলেন, আউটসোর্সিংয়ে দক্ষতা অর্জনে প্রশিক্ষণের ব্যবস্থা করতে চাই। বন্দরনগরী চট্টগ্রামে তথ্যপ্রযুক্তির উন্নয়নে সরকারের সাফল্যের সব সুবিধা অগ্রাধিকার ভিত্তিতে প্রাপ্তি নিশ্চিত করতে চাই। আবহমানকাল ধরে চট্টগ্রামের মানুষ যে সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে তা আরও সুদৃঢ় করতে চাই।

রেজাউল করিম আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার শত্রুরা, উন্নয়নের শত্রুরা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে ফায়দা নেওয়ার চেষ্টা করে। আওয়ামী লীগ ও শেখ হাসিনার সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থানে রয়েছে। মৌলবাদ, জঙ্গিবাদ ও স্বাধীনতার শত্রুদের সঙ্গে যাদের সখ্য, যারা এদের লালন পালন ও মদদ দেয় তারা কখনই জনকল্যাণ চায় না। তারা গুজব, দাঙ্গা হাঙ্গামা ও অরাজকতার মধ্য দিয়ে ক্ষমতায় যেতে চায়। জাগ্রত প্রজন্মের প্রতিরোধে তারা বারবার ব্যর্থ হয়েছে।

গণসংযোগে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মশিউর রহমান, নগর আওয়ামী লীগ নেতা মো. ফারুক, কাউন্সিলর প্রার্থী মো. সালাউদ্দিন, কাউন্সিলর প্রার্থী আতাউল্লা চৌধুরী, নারী কাউন্সিলর প্রার্থী লুৎফুন্নেসা দোভাষ বেবী প্রমুখ।