করোনাভাইরাসের টিকা উৎপাদনে নিয়োজিত প্রতিষ্ঠান ভারতের সেরাম ইনস্টিটিউটের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ভারতের পুনে শহরের সেরাম ইনস্টিটিউটের মানজিরি কমপ্লেক্সের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে বলে খবর দিয়েছে এনডিটিভি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট এসে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কয়েক ঘণ্টা পরে আবার আগুন বাড়তে দেখা যায়। এখন পর্যন্ত আগুনের সূত্রপাত জানা যায়নি। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। ইতিমধ্যে ভবনটিতে আটকে পড়া বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
মানজিরি কমপ্লেক্সের পঞ্চম ফ্লোরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এই ফ্লোরে যক্ষ্মার প্রতিষেধক বিসিজি টিকা সংশ্লিষ্ট কর্মকাণ্ড পরিচালিত হয়। অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা কোভিশিল্ড যেখানে উৎপাদন ও মজুদ রাখা হয়েছে, তা অগ্নিকাণ্ডের স্থান থেকে দূরে হলেও উৎপাদন কিছুটা ব্যাহত হতে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আদর পুনেওয়ালা সন্ধ্যায় এক টুইটে বলেন, ‘আমরা অনাকাক্সিক্ষত কিছু হালনাগাদ তথ্য পেয়েছি। এতে অগ্নিকাণ্ডে দুর্ভাগ্যজনক প্রাণহানি ঘটেছে। আমরা মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’ তার আগে এক টুইটে তিনি বলেন, ‘আগুনে এখনো কেউ হতাহত হয়নি। এ ঘটনায় করোনার টিকা উৎপাদনে কোনো প্রভাব পড়বে না। কারণ এ ধরনের পরিস্থিতির জন্য একাধিক ভবন সেখানে রিজার্ভ রাখা হয়েছে।’