কাউন্সিলর তরিকুল হত্যায় ছুরিসহ প্রধান আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জের পৌরসভা নির্বাচনে বিজয়ী কাউন্সিলর তরিকুল হত্যায় ব্যবহৃত ছুরিসহ প্রধান আসামি জাহিদুল ইসলামকে (২২) পুলিশ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের সহযোগিতায় যাত্রাবাড়ী এলাকার ধলপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় শুক্রবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম সদর থানা ক্যাম্পাসে সংবাদ সম্মেলনের মাধ্যমে আসামি গ্রেপ্তারের বিষয়টি জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনে ভরাডুবির আশঙ্কা করেই পরাজিত প্রার্থী শাহাদত হোসেন বুদ্দিন তার বাড়িসহ আশেপাশে অস্ত্র মজুত করে। পরাজিত হলে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য শহীদগঞ্জ ভোটকেন্দ্রে লোকজন নিয়ে হাজির হন।

তিনি বলেন, গ্রেপ্তার জাহিদুল ইসলাম পেশায় একজন রাজমিস্ত্রী। ঢাকায় কাজ করেন। নির্বাচনের তিন দিন আগে তিনি সিরাজগঞ্জে এসে নির্বাচনের কাজ শুরু করেন। নির্বাচনের দিন পরাজিত হলে নিজেরাই হট্টগোল সৃষ্টি করে বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলামকে ছুরিকাঘাত করেন। পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, তরিকুল হত্যা মামলার এজাহারভুক্ত অন্যান্য আসামীদেরও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।