চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছন, আমি বাকলিয়ার সন্তান। বাকলিয়ার মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। এখানে আমার জন্ম ও বেড়ে ওঠা। মেয়র নির্বাচিত হলে বাকলিয়াকে একটি মাদক, সন্ত্রাস ও আবর্জনামুক্ত আধুনিক স্মার্ট বাকলিয়ায় পরিণত করব। গতকাল শুক্রবার দিনব্যাপী নগরীর ১৭নং পশ্চিম বাকলিয়া, ১৮নং পূর্ব বাকলিয়া ও ১৯নং দক্ষিণ বাকলিয়া এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।
বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, হাবিবুন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, শহীদুল ইসলাম বাবুল, ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনকে সঙ্গে নিয়ে গতকাল বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
ডা. শাহাদাত বলেন, ‘বৃহত্তর বাকলিয়ার উন্নয়নে বিএনপির অবদান সবচেয়ে বেশি। বাকলিয়ায় এক সময় কোনো স্কুল-কলেজ ছিল না। শিক্ষার মান উন্নত করার জন্য বিএনপির সময়ে বাকলিয়ায় উচ্চ ও মাধ্যমিক স্কুল এবং একমাত্র শহীদ এনএমজে ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল। তাছাড়া বাকলিয়া স্টেডিয়াম ও কর্ণফুলী শাহ আমানত সেতু নির্মাণ করা হয়েছিল। আমি মেয়র নির্বাচিত হলে বৃহত্তর বাকলিয়াবাসীর জন্য চাইল্ড কেয়ার ও মাতৃসদন প্রতিষ্ঠার মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিত করব। অবহেলিত এই বাকলিয়ার উন্নয়নে নিজেকে উৎসর্গ করব।’
বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘বাকলিয়া নগরীর একটি প্রসদ্ধি ও ঐহিত্যবাহী এলাকা। এখানকার রাস্তাঘাট, অলিগলি সবই ডা. শাহাদাতের চেনাজানা। দীর্ঘদিন ধরে অবহেলিত থাকা এ বাকলিয়ায় বিএনপির আমলে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। বাকলিয়াবাসীর প্রতি বিএনপির অনেক দাবি আছে। সেই দাবি নিয়ে আমরা ডা. শাহাদাত হোসেনের জন্য ধানের শীষে ভোট চাইতে এসেছি। ডা. শাহাদাত হোসনে একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তাকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করুন।’
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেন, ‘ভোটের দিন সকালে সকালে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোটকেন্দ্র পাহারা দিয়ে পাশাপাশি ভোটে বাধাদানকারীদের প্রতিহত করে ভোটের অধিকার আদায় করে নিতে হবে। পিছিয়ে থাকা বাকলিয়াবাসীর নাগরিক মান উন্নয়নের জন্য ডা. শাহাদাতের বিকল্প হতে পারে না।’
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, সদস্য ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতন, ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু, গাজী মো. সিরাজ উল্লাহ, দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়াছিন চৌধুরী আসু, পূর্ব ষোলোশহর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাসান লিটন, পশ্চিম বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আরিফুল ইসলাম ডিউক, মহিলা কাউন্সিলর প্রার্থী শামিমা নাসরিন প্রমুখ।