পাটুরিয়া-দৌলতদিয়ায় সাড়ে ৮ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল দুই দফা সাড়ে ৮ ঘণ্টা বন্ধ রাখার পর শনিবার সকাল ৮টা থেকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান বলেন, ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়লে শক্রবার রাত ১০টার দিকে প্রথমে ফেরি চলাচল বন্ধ রাখে। এরপর শনিবার রাত ১০টা থেকে আবার বন্ধ রাখা হয় ফেরি চলাচল। সকালে দেড় ঘণ্টা পরীক্ষামূলক চলাচল করার পর সকাল সাড়ে ৬টা থেকে আবার বন্ধ রাখা হয়েছে।

এরপর ঘন কুয়াশা কেটে গেলে সকাল ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।  যানবাহনের চাপে উভয় ঘাটে আমাদের হিমশিম খেতে হচ্ছে।

মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের বার্তা অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৮টার পর্যন্ত পাটুরিয়া প্রান্তে দুই শতাধিক যাত্রীবাহী বাস, ৪০-৫০টির মতো ব্যক্তিগত যানবাহন, ২ শতাধিক পণ্যবাহী ট্রাক এবং যানজট এড়াতে উথুলি সংযোগ মোড়ে আরও আড়াই শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে রাখা হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুই পারেই যানবাহনের সংখ্যা বাড়ছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান বলেন, ফেরি চলাচল শুরু হয়েছে। ১৬টি ফেরি দিয়ে অগ্রাধিকারের ভিত্তিতে, অ্যাম্বুলেন্স, লাশবাহী অ্যাম্বুলেন্স, যাত্রীবাহী বাস, ব্যক্তিগত যানবাহন পারা পার করা হচ্ছে। পর্যায় ক্রমে পণ্যবাহী ট্রাকও পারাপার করা হবে।