ঘন কুয়াশায় সাগরে মাছ ধরার জাহাজডুবি, ৪ লাশ উদ্ধারের দাবি

বঙ্গোপসাগরে মাছ ধরার একটি জাহাজডুবির ঘটনায় চারজনের লাশ উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।

শনিবার ভোরে সেন্ট মার্টিনের ৬৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে বঙ্গোপসাগরে এফভি যানযাবিল নামে মাছ ধরার জাহাজটি ডুবে যায়।

জাহাজের মালিক মোহাম্মদ আলী সাংবাদিকদের জানান, জাহাজডুবির ঘটনায় বেলা দুইটা পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এর সত্যতা নিশ্চিত করা যায়নি।

জাহাজের মালিক কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, সকালে হঠাৎ ঘন কুয়াশায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে জাহাজটি ডুবে যায়। ওই সময় আশপাশের অন্য মাছ ধরার জাহাজ কয়েকজনকে উদ্ধার করে।

তিনি আরও বলেন, জাহাজটি চট্টগ্রামের কর্ণফুলী থেকে এক সপ্তাহ আগে সাগরে গিয়েছিল। মাছ ধরার ওই জাহাজে ২৬ জন ছিলেন।

কোস্টগার্ডের ঢাকা অফিসের মিডিয়া শাখার কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বলেন, মাছ ধরার জাহাজ ডুবে যাওয়ার পেয়ে কোস্টগার্ডের উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। এ পর্যন্ত ১২ জন উদ্ধার হয়েছেন।