প্লাস্টিক পণ্যের মান আরও ভালো করতে হবে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বিশ্বব্যাপী প্লাস্টিক পণ্যের বিপুল চাহিদা রয়েছে। সম্ভাবনাময় এই বাজার দখলে নিতে আমাদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি পণ্যের মান ও ডিজাইন আরও ভালো করতে হবে।

গতকাল শনিবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পানগাঁও কনটেইনার পোর্ট রোডে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড  টেকনোলজির (বিআইপিইটি) নতুন ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যান্যুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) ও বিআইপিইটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ^ব্যাপী প্রতিনিয়ত প্লাস্টিক পণ্যের চাহিদা বাড়ছে। এই সুযোগ কাজে লাগাতে সরকার প্লাস্টিক শিল্পের উন্নয়নে সহায়তা করে আসছে। তবে টেকসই উন্নয়নে ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে।

বৈশি^ক প্রতিযোগিতায় টিকে থাকতে দক্ষতা অর্জনের বিকল্প নেই উল্লেখ করে তিনি আরও বলেন, এক সময় বাংলাদেশ তৈরি পোশাক শিল্পের চাহিদা পূরণে প্লাস্টিক পণ্য আমদানি করত। বর্তমানে বাংলাদেশ অভ্যন্তরীণ প্লাস্টিক পণ্যের চাহিদা পূরণ করে রপ্তানি করছে। স্বল্পোন্নত দেশের তালিকা (এলডিসি) থেকে উত্তরণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সামনে আমাদের আলোকিত পথ অপেক্ষা করছে, এগিয়ে যেতে হবে সামনের দিকে। এজন্য যোগ্যতা ও দক্ষতা অর্জন করতেই হবে।

তিনি জানান, সরকার ইতিমধ্যে ভুটানের সঙ্গে পিটিএ স্বাক্ষর করেছে। নেপালের সঙ্গে শিগগিরই চুক্তি হবে। আরও অনেক দেশের সঙ্গে আলোচনা চলছে। তবে এসব চুক্তির আওতায় প্রতিযোগিতামূলক বিশ্ব বাণিজ্যে এগিয়ে যেতে পণ্যের মান ও দক্ষতার বিকল্প  নেই বলে মন্তব্য করেন তিনি।