কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, দেশ যত উন্নতই হোক কৃষির যদি উন্নতি না হয়, তাহলে মানুষের জীবিকার উৎস বাড়বে না, আয় বাড়বে না। দেশের ৬০-৭০ ভাগ মানুষ যারা গ্রাম বাস করে তাদের আয় মূলত কৃষির ওপরই নির্ভর করে। তাদের আয় না বাড়লে স্থানীয় বাজার উন্নত হবে না। আর স্থানীয় বাজার উন্নত না হলে শিল্প-কারখানার প্রসার লাভ করবে না। ফলে বিদেশি বিনিয়োগও সেভাবে আসবে না। কারণ, বিদেশি বিনিয়োগকারীরা যেখানে বিনিয়োগ করে বা যে পণ্যটি উৎপাদন করবে, তা স্থানীয় বাজারে বিক্রি করতে পারবে কি না, সেটি আগে বিবেচনা করে। সে জন্য শুধু রপ্তানিনির্ভর পণ্যের জন্য তারা বিনিয়োগে উৎসাহিত হয় না। কৃষিমন্ত্রী গতকাল রবিবার কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. আরিফুর রহমান অপুর বিদায় উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন। উল্লেখ্য, মো. আরিফুর রহমান অপু সম্প্রতি বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন।