হবিগঞ্জে পুলিশের বাধায় বিএনপির কাউন্সিল পন্ড

পুলিশের বাধার মুখে পন্ড হয়ে গেছে চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়ন বিএনপির কাউন্সিল। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে তিন পুলিশসহ ১০ জন আহত হন। পুলিশ দুজনকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শী কালাম মিয়া জানান, গতকাল রবিবার পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী মিরাশী ইউনিয়ন বিএনপির কাউন্সিল চলছিল স্থানীয় গাতাবলা বাজারে। দুপুর সাড়ে ১২টার দিকে চুনারুঘাট থানার একদল পুলিশ সেখানে যায়। তারা বাজারে কাউন্সিল না করতে নেতাকর্মীদের নির্দেশ দেয়। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির সমবায়বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জি কে গউছ উপস্থিত হলে তার সঙ্গে পুলিশের তর্ক হয়। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। এতে এএসআই আওলাদ হোসেন, উত্তমকুমার, কনস্টেবল আদিল মিয়া এবং স্থানীয় বিএনপির ৭ নেতাকর্মী আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আল আমিন তালুকদার ও মিরাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী মাসুক মিয়াকে গ্রেপ্তার করে।

বিএনপি নেতা জি কে গউছ দেশ রূপান্তরকে বলেন, মিরাশী ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠনের লক্ষ্যে শান্তিপূর্ণভাবে কাউন্সিল অনুষ্ঠান চলাকালে পুলিশ প্যান্ডেল, ব্যান্যার গুঁড়িয়ে দেয়। তারা বাজারে কোনো অনুষ্ঠান করা যাবে না বলে জানায়। এ সময় নেতাকর্মীরা অন্যত্র কাউন্সিল করার উদ্যোগ নিলে পুলিশ কোনো জায়গাতেই কাউন্সিল করতে দেবে না বলে শাসাতে থাকে। এ নিয়ে পুলিশের সঙ্গে বাগ্বিতন্ডা হলে পুলিশ আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে ৭ নেতাকর্মী আহত হন। পুলিশের বন্দুকের বাঁটের আঘাতে রহমত আলী (৬০) নামে বিএনপির এক কর্মীর বুকের পাঁজর ভেঙে গেছে। এ ছাড়া জেলা ছাত্রদলের নেতা আল আমিন তালুকদার ও স্থানীয় বিএনপি নেতা মাসুক মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। নেতা নির্বাচনের জন্য কাউন্সিলে ভোটাভুটির সময় পুলিশ এ তান্ডব চালিয়েছে। 

তবে চুনারুঘাট থানার ওসি মো. আলী আশরাফ বলেন, পূর্বানুমতি ছাড়াই বিএনপি কাউন্সিলের আয়োজন করে। বাজারের শান্তিশৃঙ্খলা বিঘœ হওয়ায় তাদের সরে যাওয়ার জন্য বলেছিলাম। কিন্তু তারা উল্টো পুলিশের ওপর হামলা করে পুলিশের তিন সদস্যকে আহত করেছে। তিনি দুজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপার পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।