করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে শনিবার থেকে নেদারল্যান্ডস জুড়ে জারি হয়েছে কারফিউ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেখানে সারা দেশে এটাই প্রথম কারফিউ জারির ঘটনা। এ কারণে অনেকেই ঘরে বন্দি থাকতে চাইছেন না। যেকোনো অজুহাতে বাইরে বেরুনোর পরিকল্পনা আঁটছেন দেশটির তরুণরা।
জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের তথ্য মতে, দেশটিতে জরুরি অবস্থা চলাকালে সবকিছু বন্ধ থাকলেও ব্যতিক্রম হিসেবে খাবার ডেলিভারি, কুরিয়ার সার্ভিস ও যাদের কুকুর বা পোষা প্রাণী রয়েছে তাদের বাইরে বেড়াতে নিয়ে যাওয়ার অনুমতি রয়েছে। আর এই সুযোগটিই নিতে চাইছেন অধিকাংশ ডাচ। কুকুর নিয়ে যেহেতু বাইরে যাওয়ার অনুমতি আছে, তাই নতুন এক ফন্দি এঁটেছেন তারা। যাদের কুকুর নেই তারাও কুকুর ভাড়া করছেন বাইরে যাওয়ার জন্য।
সংবাদমাধ্যমটি বলছে, ঘরবন্দি থাকার আতঙ্ক থেকে বের হতে ডাচরা কুকুরকে সঙ্গী করতে চায়। কারফিউ ঘোষণার পর কুকুর ভাড়া করার ওয়েবসাইটে আগ্রহীদের উপচে পড়ার ভিড় সেকথা বলছে।
যাদের পোষা প্রাণী রয়েছে এবং তাদের বাইরে নিয়ে যাওয়ার জন্য যাদের সাহায্যকারী প্রয়োজন কিংবা কুকুর বা পোষা প্রাণীকে স্বেচ্ছায় বাইরে নিয়ে যেতে আগ্রহী তাদের জন্য রয়েছে একটি ওয়েবসাইট। অলাভজনক এই ওয়েবসাইটের মালিক জোস ফন প্রুজিন বলেন, ‘অন্যের কুকুরকে বাইরে হাঁটাতে নিয়ে যেতে আগ্রহী আগে এমন অফার সপ্তাহে মাত্র ১০টি পেতাম তবে মঙ্গলবার কারফিউ পরিকল্পনা ঘোষণা করার পরে ৩০০ অফার পেয়েছি আমরা।’
নিজের পরিচয় প্রকাশ না করার শর্তে এক তরুণ বলেন, ঘরের ভেতরে বন্দি থাকা খুবই কষ্টে। আমি দিনে একবার হলেও বের হতে চাই। এই জন্যই একটি কুকুর ভাড়া করে তাকে নিয়ে বের হচ্ছি।