নওগাঁয় ইসি কবিতা খানম

সুষ্ঠু ও স্বচ্ছ ভোটগ্রহণের স্বার্থে সব করা হবে

নির্বাচন কমিশনার (ইসি) কবিতা খানম বলেছেন, সুষ্ঠু ও স্বচ্ছ ভোটগ্রহণের স্বার্থে যা যা প্রয়োজন সব করা হবে। যদি কেউ নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে তাহলে কোনো ছাড় দেওয়া হবে না। নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছ করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেভাবেই নির্দেশ দেওয়া আছে।

গতকাল রবিবার দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নওগাঁ ও ধামইরহাট পৌরসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আয়োজিত আইনশৃঙ্খলাবিষয়ক সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

কবিতা খানম আরও বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই নওগাঁ ও ধামইরহাট পৌরসভা নির্বাচনে কোনো প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের তেমন কোনো অভিযোগ নেই। এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু রয়েছে। আশা করা হচ্ছে আগামী ৩০ জানুয়ারি নওগাঁ ও ধামইরহাট পৌরসভার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। আমার জন্ম এ জেলায়। আমার জেলায় এমন কোনো নির্বাচন হবে না, যেটা প্রশ্নবিদ্ধ নির্বাচন। নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ যেন কোনোভাবেই নষ্ট না হয় সেই নির্দেশনা কমিশন থেকে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে থাকবে।’

নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশীদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া, রাজশাহী বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদ আহমেদ, জেলা নির্বাচন কর্মকর্তা হাছান মাহমুদ, নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা ইমাম উদ্দিন, ধামইরহাটের ইউএনও গণপতি রায়, নওগাঁ সদর থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন, ধামইরহাটের ওসি আবদুল মমিন প্রমুখ।

৩০ জানুয়ারি নওগাঁ পৌরসভায় পাঁচজন মেয়র পদে এবং ধামইরহাট পৌরসভায় তিনজন মেয়র পদে লড়ছেন।