কয়েক দিন ধরে প্রায় সারা দেশেই শীতের সঙ্গে বেড়েছে কুয়াশা। কিছু এলাকায় বয়ে যাচ্ছিল শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ ছিল সাড়ে ১২ ঘণ্টা। কিছু এলাকায় দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। কুয়াশা ও মেঘলা আকাশের কারণে প্রায় সারা দেশেই দিনের তাপমাত্রা কমেছে। তবে গতকাল রবিবার রাতের তাপমাত্রা কিছুটা বেড়েছে। ফলে কিছু এলাকায় বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ এদিন দূরীভূত হয়।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ (সোমবার) সারা দেশেই দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। তবে ঘন কুয়াশা থাকতে পারে আরও দুদিন। এ ছাড়া চলতি মাসে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সেই সঙ্গে শৈত্যপ্রবাহের শঙ্কা নেই।
অধিদপ্তরের আবহাওয়াবিদ আফতাব উদ্দিন গতকাল রাতে দেশ রূপান্তরকে বলেন, আগামী ২৪ ঘণ্টা দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। এরপর আর তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই। এ মাসে বাকি কয়দিন রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শৈত্যপ্রবাহেরও শঙ্কা নেই। তিনি জানান, দিল্লি, বিহার, কাশ্মীরসহ ভারতের বিভিন্ন এলাকা থেকে ঠাণ্ডা বাতাসের সঙ্গে কুয়াশা ভেসে আসছে। দেশজুড়ে মাঝারি থেকে ঘন কুয়াশা আরও দুদিন থাকতে পারে। এ ছাড়া মেঘলা আকাশের কারণে সূর্যের আলো সরাসরি প্রবেশ করতে পারছে না। তাই দিনের বেলা তাপমাত্রা কমেছে। আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা থাকলেও এরপর কয়েক দিন তাপমাত্রার তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই।
মেঘলা আকাশ ও ঘন কুয়াশার কারণে গতকাল দেশের অধিকাংশ স্থানেই দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১-২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে তিন জায়গায়। সীতাকুণ্ড, ফেনী ও বরিশালের খেপুপাড়ায় সমপরিমাণ ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। গতকাল রাতের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর কোনো স্থানে এদিন রাতের তাপমাত্রা ১০ ডিগ্রি বা তার নিচে ছিল না। কয়েক দিন ধরে রাজধানীতে শীত বেড়েছে। কুয়াশা ও মেঘলা আকাশের কারণে গতকাল দিনের আবহাওয়া ছিল ধোঁয়াশাচ্ছন্ন। সূর্যের দেখা মিললেও রোদের কোনো তেজ ছিল না। বিকেল থেকেই বাড়তে থাকে কুয়াশা। সঙ্গে ছিল হিমেল হাওয়া। প্রায় সবার শরীরেই দেখা গেছে শীতের পোশাক। রাজধানীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ও রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।