যোগ ও ন্যাচারোপ্যাথি বিষয়ে প্রথম ডিজিটাল লাইব্রেরি

বাংলাদেশে এই প্রথম যোগ ও ন্যাচারোপ্যাথি বিষয়ে প্রথম ডিজিটাল লাইব্রেরির উদ্বোধন হতে যাচ্ছে। এই লাইব্রেরি তৈরির উদ্যোগ নিয়েছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘হারমনি ট্রাস্ট’। আগামী বুধবার ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি লাইভ সম্প্রচার হবে হারমনি ট্রাস্টের ফেসবুক পেজ থেকে।

এ বিষয়ে হারমনি ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিতাভ ভট্টাচার্য্য বলেন, সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষায় প্রচলিত ধারার চিকিৎসার পাশাপাশি সারা বিশ্বে গুরুত্ব বাড়ছে যোগ, রিফ্লেক্সোলজি, আকুপ্রেশার কিংবা সুজোকের মতো ন্যাচারোপ্যাথির চিকিৎসা ও এর শাখাগুলোর। তবে, একদিকে যেমন নির্ভরযোগ্য বই ও গবেষণা প্রতিবেদনের অভাব, আর অন্যদিকে ত্রুটিপূর্ণ তথ্য কিংবা মিথ্যা দাবি সংবলিত প্রকাশনার ছড়াছড়ি- এ দুই কারণে ব্যাহত হচ্ছে ন্যাচারোপ্যাথি চর্চার প্রচার ও প্রসার।

এই সমস্যার প্রেক্ষিতে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা হারমনি ট্রাস্ট গড়ে তুলছে ন্যাচারোপ্যাথি বিষয়ে বাংলাদেশের দেশের প্রথম ডিজিটাল লাইব্রেরি। বিশ্বের বিভিন্ন প্রান্তের যোগ, রিফ্লেক্সোলজি ও আকুপ্রেশারসহ ন্যাচারোপ্যাথির অন্যান্য শাখার নির্ভরযোগ্য বই ও গবেষণা প্রতিবেদনের সমাহার থাকছে সকলের জন্য উন্মুক্ত এই ই-লাইব্রেরিতে। আগ্রহী পাঠক যেকোনো সময় এখান থেকে বিনা মূল্যে সংগৃহীত প্রকাশনাগুলো ডাউনলোড করে পড়তে পারবেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেবেন সংসদ সদস্য আরমা দত্ত, ভারতের প্রখ্যাত যোগ বিশ্ববিদ্যালয় এসভিয়াসা-এর আচার্য্য ড. এইচ আর নাগেন্দ্র, বিএসএমএমএউ এর সাবেক সহউপাচার্য ও বিএমএ’র সাবেক সভাপতি অধ্যাপক ডা. রশিদ-ই-মাহবুব, চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী, বাংলাদেশ পুলিশের ডিআইজি (রেল) জনাব মো. শাহ আলম, প্রখ্যাত বেলজিয়ান যোগী পিটার মারচেন্ড, প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব জয়ন্ত চট্টোপাধ্যায় প্রমুখ।

এই লাইব্রেরির উদ্বোধন হবে আগামী ২৭ জানুয়ারি, বুধবার বিকেল সাড়ে তিনটায়। ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি লাইভ সম্প্রচার হবে হারমনি ট্রাস্টের ফেসবুক পেজে (https://www.facebook.com/HarmonyTrustBD)।