কাশিমপুর কারাগারে নতুন জেলারের দায়িত্বে রীতেশ চাকমা

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর নতুন জেলার হিসেবে দায়িত্ব পেয়েছেন রীতেশ চাকমা। গত রবিবার সন্ধ্যায় কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মমিনের স্বাক্ষরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। রীতেশ চাকমা এর আগে মাগুরা জেলা কারাগারের জেলার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এর আগে গত ২২ জানুয়ারি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর ভেতর হলমার্ক কেলেঙ্কারির মামলার সাজাপ্রাপ্ত বন্দি তুষার আহমেদের নারীসঙ্গের ঘটনা প্রকাশ পায়। ওই ঘটনার সিসিটিভি ফুটেজ গণমাধ্যমে প্রকাশের পর দেশজুড়ে তোলপাড় হলে নড়েচড়ে বসে কারা কর্তৃপক্ষ।

এর পরিপ্রেক্ষিতে কারাগারটির সিনিয়র জেল সুপার রত্না রায় ও জেলার নুর মোহাম্মদ মৃধাকে গত রবিবার তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।

এছাড়া একই ঘটনায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর ডেপুটি জেলার গোলাম সাকলাইন, কারাগারের সার্জেন্ট ইন্সট্রাক্টর আব্দুল বারী এবং সহকারী প্রধান কারারক্ষী খলিলুর রহমানকেও প্রত্যাহার করা হয়েছিল।