তথ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি

আইনশৃঙ্খলার খবর ‘অতিরঞ্জিত করে’ না প্রচারের অনুরোধ

আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত যেকোনো সংবাদ ‘অতিরঞ্জিত করে’ প্রচার না করতে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে তথ্য অধিদপ্তর। গতকাল গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

এতে বলা হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সরকার গণমাধ্যমে প্রচারিত সংবাদ ও মতামতকে বিশেষ গুরুত্ব দেয়। কতিপয় গণমাধ্যমে সন্ত্রাসী কার্যক্রমের অতিরঞ্জিত প্রচারসহ পুরনো সন্ত্রাসী ঘটনাও বারবার প্রচার করতে দেখা যায়। যা জনজীবন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ অবস্থায়, গণমাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত সাম্প্রতিক ও পুরনো ঘটনা বা যেকোনো ধরনের সংবাদ অতিরঞ্জিত বা ব্যাপকভাবে প্রচারে নিরুৎসাহিত করতে অনুরোধ করা হলো।