জাতীয় দিবসে কুকুরের ছবি পোস্ট করে সমালোচিত মীর

ভারতের প্রজাতন্ত্র দিবসে ব্যতিক্রমী একটি পোস্ট করলেন অভিনেতা-সঞ্চালক মীর আফসার আলী। আর ব্যক্তিগত মতামত প্রকাশ নিয়ে সমালোচনা কম হচ্ছে না।

মঙ্গলবার সকালে ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করেন ‘মীরাক্কেল’-খ্যাত মীর। ছবিতে দেখা যায়, আরাম করে শুয়ে আছে দুটি কুকুর। দুনিয়ার কোনো দুশ্চিন্তায় যেন তাদের ছুঁতে পারছে না।

ক্যাপশনে লেখা, “ওই দেখ। আবার পতাকা তুলে দেশের গান গাইছে ওরা। আবার তো কাল সকাল থেকে ধর্মের নামে একে অপরকে খিস্তি দেবে, মারধর করবে! আমরাই ভালো রে। অন্তত এদের মতো দু-মুখো নই।”

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, অত্যন্ত সহজ একটা উদাহরণ দিয়ে পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতের বর্তমান পরিস্থিতিটাই যেন তুলে ধরার চেষ্টা করেছেন মীর। যেভাবে ধর্মের নামে প্রতিদিনই হানাহানি চলেছে, ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে চলেছে দলগুলো, তাকেই ব্যঙ্গাত্মকভাবে খোঁচা দিয়েছেন অভিনেতা।

সেই পোস্টটি নিয়েই চলছে জোর আলোচনা। মীরের ‘রসিকতা’য় দ্বিধাবিভক্ত নেটদুনিয়া। অনুরাগীদের একাংশ এই পোস্টের প্রশংসা করেছেন। অনেকে লিখেছেন, মানতে কষ্ট হলেও এটাই সত্যি। অনেকে আবার এতো গুরু-গম্ভীর বিষয়টি এতো সহজভাবে প্রকাশ করার জন্য মীরকে ধন্যবাদও জানিয়েছেন।

তবে অন্য একটি অংশ এমন পোস্ট দেখে দুঃখই পেয়েছেন। অনেকের দাবি, এমন ঐতিহাসিক দিনে কুকুরের ছবি পোস্ট না করলেও তো চলতো। আবার অন্য এক নেটিজেন আরও একধাপ এগিয়ে এসে লেখেন, দুর্গাপূজা কিংবা স্বাধীনতা দিবসের মতো বিশেষ সময়েই নিজেদের ব্যক্তিগত মতামত দিতে কেউ অতি সক্রিয় হয়ে পড়েন। আরেক অনুরাগীর অনুরোধ, এভাবে মীর যেন নিজের ভাবমূর্তি নষ্ট না করেন।