জন কেরির ফোনালাপ

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি নিয়ে আলোচনা হয়েছে : ড. মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে টেলিফোন করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সিনেটর জন কেরি। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় তারা প্রায় ২৬ মিনিট আলাপচারিতা করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। বাইডেন প্রশাসন ক্ষমতায় আসার পর জন কেরিকে তার জলবায়ু উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই বাইডেন জলবায়ু পরিবর্তনসংক্রান্ত প্যারিস চুক্তিতে পুনরায় যোগ দেন। অন্যদিকে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন কেরি ২০১৬ সালে বাংলাদেশ সফর করেছিলেন।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের নতুন সরকারের সঙ্গে জলবায়ু পরিবর্তন ঝুঁকি বিষয়ে বাংলাদেশ কীভাবে একযোগে কাজ করতে পারে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন জলবায়ু পরিবর্তন ঝুঁকি বিষয়ে কাজ করার জন্য দায়িত্ব দিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে।