কয়েদির সঙ্গে নারীসঙ্গ

জড়িতদের বিরুদ্ধে জেল কোড অনুযায়ী ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, গাজীপুরের কাশিমপুর কারাগার-১ কয়েদিকে নারীসঙ্গ দেওয়ায় জড়িতদের বিরুদ্ধে জেল কোড অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গতকাল মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কারাগারের ওই ঘটনায় যারা জড়িত ছিল ইতিমধ্যে তাদের পাঁচজনকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় একজন উপসচিবের নেতৃত্বে একটি তদন্ত কমিটি করা হয়েছে। তারা তদন্ত করে কার কতখানি ত্রুটি-বিচ্যুতি আছে সেটা দেখবেন। কারা কাজে অবহেলা করেছে বা এ ধরনের কাজে সম্পৃক্ত থেকেছে তাদের বিরুদ্ধে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

আসাদুজ্জামান খান আরও বলেন, ‘লক্ষণীয় বিষয় হচ্ছে, জেল কোড অনুযায়ী তদন্ত হবে। জেল কোডের ব্যত্যয় ঘটিয়ে বা জেল কোড অমান্য করে কারা কতখানি অন্যায় করেছে সেটাও আমাদের দেখার বিষয়। সবগুলো বিষয় দেখে আমরা সিদ্ধান্ত নেব। আপাতত জেল সুপার, ডেপুটি জেল সুপারসহ পাঁচজনকে প্রত্যাহার করেছি। তদন্ত প্রতিবেদনে যে সুপারিশ আসবে আমরা সেভাবে ব্যবস্থা নেব।’

ক্র্যাব নেতাদের সঙ্গে মতবিনিময়কালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ক্র্যাবের নির্বাচন দুই বছর পরপর হওয়া উচিত। এক বছরে কোনো কমিটিই তাদের সব কর্মকান্ড সম্পন্ন করতে পারে না। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে সাংবাদিকদের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে একযোগ কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘সাসটেইনেবল ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন সাসটেইনেবল পিস। আর সাসটেইনেবল পিসের জন্য প্রযোজন সাসটেইনেবল সিকিউরিটি। দেশের পার্বত্য অঞ্চলসহ বিভিন্ন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে।’ মন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যা আমাদের বড় সমস্যা। আমরা মনে করি তারা ফেরত যাবে বা তাদের সরকার ফেরত নিয়ে যাবে। আমরা ভাসানচরে রোহিঙ্গাদের থাকার ব্যবস্থা করছি। সেখানে নতুন থানা চালু করেছি।

ক্র্যাব সভাপতি মিজান মালিক স্বরাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ক্রাইম রিপোর্টাররা ঝুঁকি নিয়ে কাজ করে থাকেন। এ সময় ক্রাইম রিপোর্টারদের সহযোগিতা করার আহ্বান এবং ক্র্যাবের কল্যাণে অন্য সময়ের মতো সহযোগিতা করতে স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান তিনি।

মতবিনিময় সভায় ক্র্যাব সহসভাপতি নিত্য গোপাল তুতু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান-উজ-জামান, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আরিফ, অর্থ সম্পাদক এমদাদুল হক খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুদ্র মিজান ও দপ্তর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরীফ মাহমুদ উপস্থিত ছিলেন।