চসিক নির্বাচনে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে: তথ্যমন্ত্রী

বিএনপি চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বুধবার সন্ধ্যায় নগরীর দেওয়ানজি পুকুর পাড়ের বাসভবনে চসিক নির্বাচন প্রসঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, বিএনপির কর্মীরা আজ বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। নগরীর পাহাড়তলী, আমবাগান, লালখানবাজার, পাথরঘাটা, দেওয়ান বাজারের বিভিন্ন কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী ও কর্মীদের ওপর আক্রমণ করেছে। তারা (বিএনপি) অতীতেও নির্বাচনে অংশগ্রহণ করেছিল। তাছাড়া ১৯৯৪ সালের পর থেকে চট্টগ্রাম সিটি নির্বাচনে প্রকৃতপক্ষে একবারও বিএনপি জিততে পারেনি।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচন শেষ হওয়ার আগ মুহূর্তে আমির খসরু মাহমুদ সাহেব নগরীতে সংবাদ সম্মেলন করেছেন, ঢাকায় বসে রিজভী সাহেব সংবাদ সম্মেলন করেছেন। চসিক নির্বাচন নিয়ে নানা ধরনের প্রশ্নও তুলেছেন। আমরা আগে থেকেই জানতাম, এ সমস্ত প্রশ্ন তোলার জন্যই বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে। তারা সব নির্বাচনে গৎবাঁধা এ ধরনের প্রশ্ন তোলেন।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন বাংলাদেশে এমন একটি বিধি করেছে, যারা এমপি তারা নির্বাচনে প্রচারণা চালাতে পারছেন না। যে কারণে দলের পক্ষে এই নির্বাচনে আমরা কোনো ভূমিকা রাখতে পারিনি। এটি সরকারি দলের জন্য বৈষম্যমূলক বিধান বলে তিনি মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, করোনা মহামারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। করোনায় এখনো প্রতিদিন অনেক মানুষ মারা যাচ্ছে। অনেক মানুষ আক্রান্ত হচ্ছে। এমন পরিস্থিতির মাঝে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি আজকে কোনো সরকারি ছুটি দেয়া হয়নি। এ কারণে ভোটার টার্ন আউট অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের চেয়ে কম হয়েছে।

ড. হাছান মাহমুদ বলেন, ১৯৯৪ সালের পর থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের কোনো নির্বাচনে প্রকৃতপক্ষে বিএনপি জিততে পারেনি। ১৯৯৪ সাল থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনে বিএনপির ভরাডুবি হয়ে আসছে। ২০১০ সালে বিএনপির হয়ে যিনি জিতেছেন, সেই মনজুর আলম মূলত আওয়ামী লীগের মানুষ।

ব্রিফিংকালে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কক্সবাজারের সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল প্রমুখ উপস্থিত ছিলেন।