করোনাকালীন দেশের বিভিন্ন উৎপাদনমুখী কোম্পানিগুলো প্রবৃদ্ধি সংকটে পড়লেও ফার্মাসিউটিক্যালস খাত ভালো ব্যবসা করতে পেরেছে। এ সময়ে ওষুধ উৎপাদনকারী কোম্পানিগুলোর বেশিরভাগেরই বিক্রি ও মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে। দেশের শীর্ষস্থানীয় ওষুধ উৎপাদনকারী কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নিট মুনাফাও উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। ২০২০-২১ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৩৫ শতাংশের বেশি।
গতকাল বেক্সিমকো ফার্মা দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করে। এতে দেখা যায়, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির নিট রেভিনিউ ছিল ৭৪৭ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৬ শতাংশ বেশি। উৎপাদন ব্যয় শেষে মোট আয় হয়েছে ৩৫৪ কোটি টাকা। বিক্রয়, বিপণন, বিতরণ ও প্রশাসনিক ব্যয় শেষে চলতি দ্বিতীয় প্রান্তিকে পরিচালন মুনাফা হয় ১৭৯ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৫ দশমিক ৬ শতাংশ বেশি। এ সময়ে কর পরিশোধের পর নিট মুনাফা হয়েছে ১১৪ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৫ দশমিক ৪ শতাংশ বেশি। বেক্সিমকো ফার্মার অর্ধবার্ষিক প্রতিবেদনে দেখা যায়, চলতি হিসাব বছরের জুলাই-ডিসেম্বর প্রান্তিকে কোম্পানির নিট রেভিনিউ হয় ১ হাজার ৪৪০ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৬ শতাংশ বেশি। এ সময়ে কোম্পানির মোট আয় বেড়েছে ১৭ দশমিক ৭ শতাংশ। চলতি প্রথমার্ধে কোম্পানির পরিচালন মুনাফা হয়েছে ৩৪৬ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৭৫ কোটি টাকা। কর পরিশোধের পর চলতি প্রথমার্ধে নিট মুনাফা হয়েছে ২২২ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে ২৯ দশমিক ৭ শতাংশ বেশি। চলতি প্রথমার্ধে বেক্সিমকো ফার্মার শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৯৫ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে ছিল ৩ টাকা ৮৩ পয়সা।